ইরাকের বিখ্যাত বুজুর্গ হজরত ইবরাহিম বিন আদহাম (রহ.) একবার বসরার বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে ধরল। তাকে বলল, ‘আমরা দোয়া করি কিন্তু কবুল হয় না। আমাদের এমন অবস্থা কেন?’
উত্তরে তিনি বললেন, ‘তোমাদের অন্তর মরে গেছে। ফলে তোমাদের দোয়া কবুল হয় না। অন্তর মরে যাওয়ার ১০টি কারণ-১. তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো কিন্তু তাঁর হক আদায় করোনি। ২. তোমরা বলে থাকো যে, তোমরা আল্লাহর রাসুল (সা.)-কে ভালোবাসো। কিন্তু তাঁর সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছো। ৩. তোমরা কুরআন পাঠ করেছো কিন্তু তদানুযায়ী আমল করোনি। ৪. তোমরা আল্লাহর নেয়ামত ভোগ করছো প্রতিনিয়ত কিন্তু তার শুকরিয়া আদায় করোনি। ৫. তোমরা বলেছো যে, শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছো সমসময়। ৬. তোমরা স্বীকৃতি দিয়েছো যে, জান্নাত সত্য কিন্তু তার জন্য আমল করোনি। ৭. তোমরা স্বীকৃতি দিয়েছো যে, জাহান্নাম সত্য কিন্তু তা থেকে আত্মরক্ষার ব্যবস্থা করোনি। ৮. তোমরা স্বীকার করেছো যে, মৃত্যু অবধারিত সত্য। কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করোনি। ৯. ঘুম থেকে জেগেই তোমরা অন্যের দোষ-ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছো কিন্তু নিজেদের দোষের কথা পুরোপুরি ভুলে গেছ। ১০. তোমরা তোমাদের মৃতদের দাফন করেছো কিন্তু তাদের থেকে শিক্ষা নাওনি। (তাফসিরে কুরতুবি : ২/২০৮)