দেশে আলুর উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও যৌক্তিক কারণ ছাড়াই অস্বাভাবিক দামে বাজারে বিক্রয় হওয়ায় আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নির্ধারিত মূল্যে আলু বিক্রয় না হওয়া এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি ও মূল্য স্থিতিশীল রাখতে সোমবার (৩০ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয়।
গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আলুসহ তিন পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছিলেন। কোল্ড স্টোরেজ পর্যায়ে ২৬-২৭ টাকা এবং খুচরা পর্যায়ে ৩৫-৩৬ টাকা মূল্যে বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়। এ সময় নির্ধারিত মূল্যে আলু বাজারে বিক্রয় হচ্ছে কি না তার মনিটরিং করার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, জেলা প্রশাসনসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দেন টিপু মুনশি। কিন্তু নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ ও খুচরা কোনো পর্যায়েই আলু বিক্রয় হচ্ছে না বলে জানানো হয়।
এ ছাড়া কোনো কোনো মহল আলুর বাজার অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত আছে বলে দাবি করে বাণিজ্য মন্ত্রণালয়। এ পরিস্থিতিতে বাজারে আলুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমদানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর প্রেক্ষিতে আগ্রহী ব্যবসায়ীদের বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদনের আহ্বান জানানো হয়।
/আরএ