নতুন মজুরি ঘোষণার আগে আন্দোলনের যুক্তি নেই: ফারুক হাসান

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

পোশাক মালিকদের সংগঠন বিজেএমইএর সভাপতি ফারুক হাসান বলেছেন, এ মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। সুতরাং নতুন মজুরি

2023-11-01T06:22:33+00:00
2023-11-01T06:22:33+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
অর্থনীতি
নতুন মজুরি ঘোষণার আগে আন্দোলনের যুক্তি নেই: ফারুক হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৬:২২ এএম 
নতুন মজুরি ঘোষণার আগে আন্দোলনের যুক্তি নেই: ফারুক হাসান
পোশাক মালিকদের সংগঠন বিজেএমইএর সভাপতি ফারুক হাসান বলেছেন, এ মাসের মধ্যেই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে। সুতরাং নতুন মজুরি ঘোষণার আগে পোশাক শ্রমিক ভাইবোনদের আন্দোলনের কোনো যুক্তি দেখি না। আমরা নিজেরাও মনে করি, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে আমাদের শ্রমিক ভাইবোনরা কতখানি কষ্টে আছে। 

মঙ্গলবার পোশাক শিল্পের শ্রম পরিস্থিতিবিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের শান্ত ও নিরীহ শ্রমিকগোষ্ঠীকে উসকানি দিয়ে অশান্ত করা হচ্ছে। কিন্তু আমরা সবাই জানি, মজুরি বোর্ডে শ্রমিক পক্ষ, মালিক পক্ষ প্রতিনিধি এবং নিরপেক্ষ সদস্য কাজ করছেন। প্রতিটি শ্রমিক ভাইবোনকে সাধ্য অনুযায়ী ভালো রাখা আমাদের উদ্যোক্তাদের অন্যতম প্রধান দায়িত্ব। শ্রমিকরা আমাদের এই পোশাক শিল্পের প্রাণ। তারা ভালো থাকলে শিল্প ভালো থাকবে। 

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, শিল্পের আকাশে যখন অনিশ্চয়তার কালোমেঘের ঘনঘটা, তখন পোশাক খাতের শ্রমিক ভাইবোনদের জীবনকে স্বাচ্ছন্দ্যময় করার জন্য ন্যূনতম মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হয়েছে। আমরা আশা করি, সরকার এ মাসের মধ্যে নতুন বেতন কাঠামো ঘোষণা করবে। আর শিল্পের যত প্রতিকূলতা থাকুক না কেন, নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে। 

তিনি বলেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গত কয়েক দিন ধরে বহিরাগতদের উসকানিতে কিছু পোশাক কারখানায় শ্রমিক ভাইবোনরা কাজ করছেন না। কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন। কারখানা ভাঙচুর করছেন। ফলে অনেক উদ্যোক্তা বাধ্য হচ্ছেন কারখানা বন্ধ করে দিতে। আরও উদ্বেগের বিষয় হলো, বহিরাগতদের উসকানির কারণে পোশাক কারখানার সঙ্গে বেশ কিছু লেদার কারখানা, কেমিক্যাল গোডাউন, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তিনি নির্দিষ্ট একটি তারিখ উল্লেখ করে বলেন, এবিএম ফ্যাশন লিমিটেড ছুটি দেওয়ার ৩ ঘণ্টা পর বহিরাগত কিছু সন্ত্রাসী কারখানা ভাঙচুর করে। গত সোমবার কারখানা ছুটি দেওয়ার পর কিছু বহিরাগত সন্ত্রাসী হাতুড়ি, শাবল দিয়ে প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে জিম্মি করে প্রায় ২ ঘণ্টা তাণ্ডব চালায়। কারখানায় আগুন ধরিয়ে দেয়। এতে ধোয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কারখানার বাটন ইমরান মারা যান। 

তিনি আভাস দেন পোশাক কারখানায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হলে হয়তো কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এ কে আজাদসহ অন্যান্য বিজিএমইএ নেতৃবৃন্দ।

সময়ের আলো/আরএস/



Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: