গত ৩০ অক্টোবর আলু আমদানির সিদ্ধান্ত নেয়ার পর মঙ্গল ও বুধবার ২ দিনে এখন পর্যন্ত ৭৭টি আবেদনের বিপরীতে ৪৯ হাজার ৭৫৫ টন আলু আমদানির অনুমতি দেয়া হয়েছে।
বুধবার (১ নভেম্বর) কৃষি মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া বোরো মৌসুমে সমলয় পদ্ধতিতে চাষের জন্য ১৭ কোটি ৪২ লাখ টাকা প্রণোদনা দেয়া হবে। এর মাধ্যমে সারা দেশে ১২২টি সমলয় ব্লক স্থাপিত হবে। প্রত্যেকটি ব্লকের আয়তন হবে ৫০ একর আর খরচ হবে ১৪ লাখ ৩০ হাজার টাকা।
প্রণোদনার আওতায় কৃষকেরা বিনামূল্যে হাইব্রিড বীজ, প্রয়োজনীয় সার পাবেন এবং চারা লাগানো, ফসল কাটাসহ অন্যান্য সহযোগিতা পাবেন। এ সংক্রান্ত এক সরকারি আদেশ বুধবার জারি হয়েছে।
গত সোমবার কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছিলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে, এই পরিস্থিতিতে আলু আমদানি করতে চায় তারা। আমরাও সার্বিক দিক বিবেচনা করে দেখেছি, এত দাম দিয়ে মানুষ আলু কিনতে পারছে না। যদিও আন্তর্জাতিক বাজারে আলুর দাম কম। তারা আলু আনতে চাচ্ছে। আমরা সম্মতি দিয়েছি। সোমবার থেকেই আইপিও ইস্যু করা শুরু হবে। এতে দাম কমবে, মানুষ কিছুটা স্বস্তি পাবে।
তিনি বলেন, আড়ত ও কোল্ড স্টোরেজ মিলে দাম বাড়াচ্ছে। এটা কমিয়ে আনতে বাণিজ্য মন্ত্রণালয় আরও তৎপরতা শুরু করবে।
সময়ের আলো/এম