আমার ঠান্ডার সমস্যা আছে। শীতের দিনে নাক দিয়ে পানি পড়ে। বারবার মোছার প্রয়োজন হয়। নামাজের ভেতরও আমার নাক মোছার প্রয়োজন হয়। এখন আমি জানতে চাচ্ছি, নামাজ পড়া অবস্থায় নাক মোছার প্রয়োজন হলে আমার জন্য করণীয় কী? আমি কি পকেট থেকে রুমাল বা টিস্যু বের করে তা দিয়ে নাক মুছতে পারব বা নাক মোছার প্রয়োজনে এগুলো হাতে রেখে নামাজ পড়া যাবে?
উবাইদুর রহমান সিলেট
উত্তর : নামাজ পড়া অবস্থায় নাক মোছার প্রয়োজন হলে এক হাত দ্বারা মুছতে পারবেন। প্রয়োজনে পকেট থেকে এক হাত দিয়ে রুমাল বের করে মোছাও জায়েজ হবে। আর বারবার মোছার প্রয়োজন হলে ছোট রুমাল বা টিস্যুজাতীয় কিছু হাতে রেখেও নামাজ পড়তে পারবেন। তবে লক্ষ রাখতে হবে, যেন হাতে রুমাল রাখার কারণে রুকুতে হাঁটু ধরা এবং সিজদায় হাতের তালু মেঝেতে রাখতে কোনো অসুবিধা না হয়। উল্লেখ্য, হাতে কিছু রাখা বা বারবার নাক মোছার বিধানটি শুধু ওজরের ক্ষেত্রেই প্রযোজ্য। বিনা ওজরে বারবার এভাবে মোছামুছি করা যাবে না। (বাদায়েউস সানায়ে : ১/৫০৭; খুলাসাতুল ফাতাওয়া : ১/৫৭; রদ্দুল মুহতার : ১/৬৪০)
সময়ের আলো/আরএস/