হরতাল আগের রাতেই রাজধানীতে দুই বাসে আগুন

সময়ের আলো অনলাইন

রাজধানী

দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে পঞ্চম দফা অবরোধের পর এবার দ্বিতীয় দফায় রোববার (১৯ নভেম্বর)

2023-11-18T20:11:29+00:00
2023-11-18T21:45:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
হরতালে বাস চালানোর ঘোষণা মালিক সমিতির
হরতাল আগের রাতেই রাজধানীতে দুই বাসে আগুন
সময়ের আলো অনলাইন
প্রকাশ: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:১১ পিএম  আপডেট: ১৮.১১.২০২৩ ৯:৪৫ পিএম
হরতাল আগের রাতেই রাজধানীতে দুই বাসে আগুন
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে পঞ্চম দফা অবরোধের পর এবার দ্বিতীয় দফায় রোববার (১৯ নভেম্বর) ভোর থেকে ৪৮ ঘণ্টার লাগাতার হরতাল ডেকেছে বিএনপির-জামায়াতসহ যুগপৎ আন্দোলনের শরিকরা। হরতাল শুরু হওয়ার আগেই শনিবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁও তালতলা ও গুলিস্তানের কাপ্তানবাজার মেয়র হানিফ ফ্লাইওভার প্রবেশমুখে টোলপ্লাজার সামনে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বিহঙ্গ পরিবহনে আগুন দিয়ে পালানোর সময় মো. সিয়াম নামে এক যুবককে আটক করে উপস্থিত জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। কাফরুল থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্র জানায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম সময়ের আলোকে জানান, শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৭ টায় আগারগাঁও তালতলায় বিহঙ্গ পরিবহন নামে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুরো বাস ভস্মীভূত হয়। এছাড়াও রাত ৭টা ৪০ মিনিটে গুলিস্তান টোল প্লাজার সামনে কমল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

এদিকে হরতালে বাস চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনের মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ স্বাক্ষরিত শনিবার (১৮ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে বুধবার বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গাঁ। বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে। 

বিবৃতিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সাম্প্রতিক সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচিতে সারাদেশে ১২০টি গাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে ২২৫টি গাড়ি।

আন্দোলনের নামে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ কোনোভাবেই বরদাস্ত করা যায় না বলে তিনি জানান।

অপরদিকে হরতালে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয়, সেজন্য রাজধানীসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনীর।

শনিবার (১৮ নভেম্বর) র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সময়ের আলোকে বলেন, র‌্যাব ফোর্স কক্সবাজার এলাকায় অভিযান পরিচালনা করে গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে উপস্থিত থেকে নাশকতায় সরাসরি অংশগ্রহণকারী এবং পরবর্তী সময়ে বিভিন্ন মহাসড়কসহ নারায়ণগঞ্জ এলাকায় বিভিন্ন যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে শনাক্তকৃত নাশকতার অন্যতম মূলহোতা এবং প্রায় ১৫টি মামলার পলাতক আসামি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তালেব মাসুম, নারায়ণগঞ্জ জেলার জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া এবং রাজধানীর কদমতলী এলাকা হতে ঢাকা মহানগর ৬১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরনবী পাশা সবুজকে গ্রেফতার করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সাথে জড়িত মোট ৮ জনকে গ্রেফতার করা হয়। 

তিনি বলেন, গত ২৮ অক্টোবর হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত ৪৯৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাবের এস্কর্ট

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, পণ্যবাহী পরিবহন, তেলবাহী পরিবহন, দূরপাল্লার গণপরিবহন ও অন্যান্য যানবাহনকে র‌্যাব সদস্যরা এস্কর্ট দিয়ে যাচ্ছে। বিরোধী রাজনৈতিক দলসমূহের বিভিন্ন কর্মসূচীকে কেন্দ্র করে কতিপয় দুষ্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহল বিভিন্ন স্থানে মহাসড়কে অগ্নিসংযোগ, গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাংচুর ও অগ্নিসংযোগ, সরকারি বিভিন্ন স্থাপনা ভাংচুর ও অগ্নিসংযোগসহ হামলা ও নাশকতার মাধ্যমে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে জনমনে আতংক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। 

এরই প্রেক্ষিতে দেশব্যাপী পণ্যবাহী পরিবহন, তেলবাহী লরি, দূরপাল্লার যাত্রী পরিবহন ও অন্যান্য যানবাহন নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার জন্য যানবাহন মালিকদের চাহিদা অনুযায়ী র‌্যাব এর তত্ত্বাবধানে এস্কর্ট দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যানবাহন পৌঁছে দেওয়ার কার্যক্রম গ্রহণ করেছে। 

গত ৩০ অক্টোবর র‌্যাব ফোর্সেস কর্তৃক দেশব্যাপী পণ্যবাহী পরিবহন, তেলবাহী পরিবহন, দূরপাল্লার গণপরিবহন ও অন্যান্য যানবাহনের ২ শতাধিক কনভয়ের মাধ্যমে ১৭ হাজারের বেশি যানবাহনকে এস্কর্ট দিয়ে নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হয়েছে। এপর্যন্ত র‌্যাবের ৪ শতাধিক এস্কর্ট মাধ্যমে যানবাহনের কনভয়কে দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপদে পৌঁছে দেওয়া হয়। এস্কর্ট কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান র‌্যাব কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন।

বিভিন্ন স্থানে মশাল মিছিল

হরতাল সমর্থনে শনিবার (১৮ নভেম্বর) রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় মশাল মিছিল করেছে বিএনপি। এতে নেতৃত্ব দেন ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল।

এদিন সন্ধ্যার পর মালিবাগ চৌধুরীপাড়া থেকে শুরু মশাল মিছিলটি মালিবাগ রেল গেইট হয়ে মালিবাগ মোড়ে এসে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

পুলিশ সদর দফতরের (ডিআইজি-অপরাশেন) মো. আনোয়ার হোসেন সময়ের আলোকে বলেন, ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হরতালের নামে যারা নাশকতা করবে, অগ্নিসংযোগ করবে তাদের আইনের আওতায় আনা হবে। 

তিনি বলেন, সাধারণ মানুষকে সজাগ থেকে নাশকতাকারীদের আটক করে পুলিশের কাছে হস্তান্তরের অনুরোধ করা হচ্ছে।   

সময়ের আলো/আরআই


  বিষয়:   তফসিল ঘোষণা  বিএনপির হরতাল  রাজধানীতে বাসে আগুন 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: