কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছয়টি অনুষদের ১৯টি বিভাগের ৪২৯ জন শিক্ষার্থী পাচ্ছেন ভাইস চ্যান্সেলর স্কলারশিপ। মেধাবী, অসচ্ছল, স্পোর্টসসহ মোট পাচঁ ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে। আগামী ৫ ডিসেম্বর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে স্কলারশিপের জন্য মনোনীত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেওয়া হবে।
বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আমিরুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মোট পাচঁটি ক্যাটাগরিতে দ্বিতীয়বারের মত ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে মেধাবৃত্তি, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থী (অর্নাস ও মাস্টার্স) ৩৯৭ জন শিক্ষার্থী বৃত্তি পাবেন। এছাড়া স্পোর্টস স্কলারশিপের জন্য ১৭ জন, এসএসএম মেমোরিয়াল ফান্ডে ৩ জন এবং উত্তর ক্যারোলিনা ইউএসএ ভিত্তিক স্কলারশিপ প্রোগ্রাম-শোপান থেকে ১২ জন শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হবে।
উল্লেখ্য, প্রথমবারের মত ২০২২ সালের ১৬ নভেম্বর মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের ভাইস চ্যান্সেলর স্কলারশিপ প্রদান করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সময়ের আলো/আরআই