রাজধানীর আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে মিনহাজ (২০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার সহকর্মীদের দাবি, জানালার পর্দা লাগানোর সময় ভবন থেকে নিচে পড়ে গেছে সে।
শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা দিকে মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত মিনহাজ ফেনির ছাগলনাইয়া উপজেলার জগন্নাথ সোনাপুর গ্রামের নুর নবীর ছেলে। বর্তমানে উত্তর বাড্ডা স্বাধীনতা সরণীতে "ওয়েস্টার্ন ব্লাইন্ডস লিমিটেড" নামে একটি প্রতিষ্ঠানে হেল্পার হিসেবে কাজ করতো সে।
ঢাকা মেডিকেলে নিয়ে আসা ওই প্রতিষ্ঠানটির পরিচালক সুমন মজুমদার ও কর্মী কাজী আমজাদ হোসেন আবির জানান, তারা বিভিন্ন অফিস বা বাসায় গিয়ে জানলার পর্দা লাগানোর কাজ করেন। সকালে আগারগাঁওয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ৮ম তলায় একটি অফিস কক্ষে কাজ করছিলো মিনহাজ, জাহিদ ও সেন্টু নামে ৩ জন। বিকেলে খবর পান, ওই ভবন থেকে নিচে পড়ে গেছে মিনহাজ।
পরবর্তীতে তারা নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে আহত মিনহাজকে দেখতে পান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার সময় এক সাথে কাজ করা জাহিদ ও সেন্টুকে ঢাকা মেডিকেলে পাওয়া যায়নি। জানলায় পর্দা লাগানোর সময় কিভাবে ভবনের নিচে পড়তে পারে জানতে চাইলে সে বিষয়ে কিছুই জানাতে পারেনি প্রতিষ্ঠানটির পরিচালক।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্তের জন্য শেরেবাংলা নগর থানায় জানানো হয়েছে।
সময়ের আলো/জিকে