ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির ২০২৪ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের কারণে এবার এই নির্বাচনের সময়ে এগিয়ে আনা হয়েছে।
নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ-পন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নীল দল থেকে পুনরায় লড়বেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি পুষ্টি ও খাদ্য-বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া ও বর্তমান সাধারণ সম্পাদক রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা।
বুধবার (২৯ নভেম্বর) রাতে সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির বর্তমান সদস্য অধ্যাপক ড. আবু জাফর মো. শফিউল আলম ভূঁইয়া। তবে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল এবার নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, আজ (বুধবার) রাত ৮টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়। আগামী শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এবার শিক্ষক সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. ইকবাল রউফ মামুন।
তিনি জানান, আগামী ১২ ডিসেম্বর শিক্ষক সমিতির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে আজ (বুধবার) রাত ৮টা পর্যন্ত ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় এবং আগামী শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি সময়ের আলোকে নিশ্চিত করেছেন ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান।
আগামীকাল বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সংবাদ সন্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের কারণ জানাবে সংগঠনটি।
সময়ের আলো/আরআই