আওয়ামী লীগে দুই গ্রুপ, মাঠে নেই বিএনপি, অংশ নেবে জামায়াত

আদিল সরকার ইবি

শিক্ষা

আগামী সপ্তাহে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে নিজেদের রাজনৈতিক অবস্থার জানান দিতে সরব হয়েছেন শিক্ষক নেতারা। তবে নির্বাচন

2023-12-14T03:20:58+00:00
2023-12-14T03:20:58+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
আওয়ামী লীগে দুই গ্রুপ, মাঠে নেই বিএনপি, অংশ নেবে জামায়াত
ইবি শিক্ষক সমিতির নির্বাচন
আদিল সরকার ইবি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ৩:২০ এএম 
আওয়ামী লীগে দুই গ্রুপ, মাঠে নেই বিএনপি, অংশ নেবে জামায়াত
আগামী সপ্তাহে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে নিজেদের রাজনৈতিক অবস্থার জানান দিতে সরব হয়েছেন শিক্ষক নেতারা। তবে নির্বাচন নিয়ে আওয়ামীপন্থি শিক্ষকদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। দুই প্যানেলে মনোনয়ন জমা দিয়েছে তাদের দুটি গ্রুপ। পদবণ্টনে সমঝোতা না হওয়ায় নিজেদের মধ্যে এই বিভক্তির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। এদিকে এক প্যানেলেই অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থি শিক্ষকরা। তবে এবার নির্বাচনের মাঠে থাকছেন না বিএনপি শিক্ষকরা। কেন্দ্রের নির্দেশনায় প্রতিবাদস্বরূপ এই নির্বাচন বর্জন করেছেন বলে জানিয়েছেন বিএনপিপন্থি শিক্ষকরা। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে যেন জাতীয় নির্বাচনের আমেজ বইছে।

জানা যায়, আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩। তফসিল অনুযায়ী গত মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন জমা দিয়েছেন শিক্ষকরা। পূর্ণাঙ্গ তিনটি প্যানেল ও একটি একক পদে মনোনয়ন জমা হয়েছে। এতে আওয়ামীপন্থি শিক্ষকদের দুই গ্রুপকে আলাদা প্যানেল দিতে দেখা যায়। এতে বর্তমান শাপলা ফোরামের কমিটি থেকে একটি পক্ষ ও আওয়ামীপন্থি অন্য শিক্ষকদের থেকে আরেকটি পক্ষ নিয়ে প্যানেল দুটি গঠিত হয়েছে। একাধিকবার আলোচনায় বসেও নিজেদের মধ্যে পদের সমবণ্টন না হওয়ায় আলাদাভাবে এই প্যানেল দিয়েছেন শিক্ষক নেতারা। তবে জাতীয় নির্বাচনের আগমুহূর্তে দলীয় আদর্শে এমন ভঙ্গুরতার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক। 

এ বিষয়ে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ সময়ের আলোকে বলেন, আমরা শাপলার গঠনতন্ত্র অনুযায়ী একটি প্যানেলই দিয়েছি। এ নিয়ে টানা তিন দিন মিটিং করেছি। সেখানে সুখকর সমাধান না হওয়ায় একটি পক্ষ আরেকটি প্যানেল দিয়েছে। তবে সংখ্যাগরিষ্ঠতার মতামতে আমরা একটি প্যানেলই জমা দিয়েছি। 

শাপলা ফোরাম পক্ষের সভাপতি পদপ্রার্থী  অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আমাকে শাপলা থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছিলাম একসঙ্গে প্যানেল দেওয়ার। আদর্শে বিভক্তি আসলেই কাম্য নয়।   

অপর পক্ষের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক ড. আনোয়ারুল হক বলেন, তারা আমাদের কোণঠাসা করতে সংখ্যাগরিষ্ঠতার নাম করে নিজেরাই প্যানেল দিয়েছে। সভাপতি-সম্পাদক দুই পদই তাদের লাগবে, তাই আমাদের সঙ্গে সমন্বয় করেনি। আমরা চেষ্টা করেছিলাম একসঙ্গে থাকার। 

এদিকে এবার নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের দুই সংগঠন জিয়া পরিষদ ও সাদা দল। গত শনিবার বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন জিয়া পরিষদের সভাপতি-সম্পাদক। এ নিয়ে গত রোববার মনোনয়ন উত্তোলন করেননি সংগঠনটির কোনো শিক্ষক। 

জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া জানান, দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদ ও কেন্দ্রীয় জিয়া পরিষদের পরামর্শে আমরা সাধারণ সভায় নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের বর্তমান স্বৈরতান্ত্রিক পরিস্থিতিতে আমাদের কথা বলার অবস্থান নেই। এটা আমাদের নীরব প্রতিবাদ। একই কথা জানিয়ে নির্বাচনে অংশ নেওয়া হবে না বলে জানিয়েছেন সাদা দলের সভাপতি। এদিকে নিবার্চনে অংশ নিতে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়ন তুলেছেন জামায়াতপন্ত্রি শিক্ষকরা। আওয়ামী লীগের একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে রয়েছেন তারা।  

সার্বিক বিষয়ে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, তিনটি প্যানেল ও একজন স্বতন্ত্রের প্রার্থিতা চূড়ান্ত হয়েছে। কারও বর্জনের সিদ্ধান্ত নির্বাচনকে প্রভাবিত করবে না। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা দরকার।

সময়ের আলো/আরএস/ 



Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: