রাবি শিক্ষক সমিতি, ডিন ও সিন্ডিকেট নির্বাচন ১৭ ডিসেম্বর

রাজশাহী ব‌্যু‌রো

শিক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি, ডিন ও সিন্ডিকেটসহ ‘অথরিটি’র নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর। এই নির্বাচনকে ঘিরে সরকার সমর্থক আওয়ামী লীগ

2023-12-14T23:37:49+00:00
2023-12-14T23:37:49+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
রাবি শিক্ষক সমিতি, ডিন ও সিন্ডিকেট নির্বাচন ১৭ ডিসেম্বর
আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকরা বিভক্ত
রাজশাহী ব‌্যু‌রো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৭ পিএম 
রাবি শিক্ষক সমিতি, ডিন ও সিন্ডিকেট নির্বাচন ১৭ ডিসেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি, ডিন ও সিন্ডিকেটসহ ‘অথরিটি’র নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর। এই নির্বাচনকে ঘিরে সরকার সমর্থক আওয়ামী লীগ ও বামপন্থি শিক্ষকরা বিভক্ত হয়ে পড়েছেন। সরকার সমর্থক শিক্ষকদের সমর্থিত ‘হলুদ প্যানেলে’র মনোনয়ন বঞ্চিত ১২ জন শিক্ষক ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়েছেন। এ ঘটনায় দলীয় স্টিয়ারিং কমিটির সদস্যদের বিরুদ্ধে ‘স্বতন্ত্র’ প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও সংগঠন থেকে বহিষ্কারের হুমকির অভিযোগ উঠেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, স্টিয়ারিং কমিটি নিজেদের ঘনিষ্ঠ ও বিএনপি-জামায়াত থেকে আসা শিক্ষকদের দলীয় মনোনয়ন দেয়ায় বঞ্চিত শিক্ষকরা ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়েছেন। তবে স্টিয়ারিং কমিটির নেতারা অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ অসত্য। 

জানা যায়, গত ১২ ডিসেম্বর শিক্ষক সমিতি, ডিন ও সিন্ডিকেটসহ প্রশাসনিক অথরিটির নির্বাচনের তারিখ ছিল। কিন্তু চলমান পরিস্থিতির কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর এই নির্বাচন দাবি করেন বিএনপি ও জামায়াতপন্থী সাদা প্যানেলের শিক্ষকরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেছে আগামী ১৭ ডিসেম্বর। ঐদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাব জুবেরী ভবনে ভোট গ্রহণ করা হবে। সে অনুযায়ী গত ৬ ডিসেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। 

শিক্ষক সমিতির সভাপতি পদে হলুদ প্যানেলের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ওমর ফারুক সরকার প্রার্থী হয়েছেন। মনোনয়ন বঞ্চিত আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ আল মামুন চৌধুরী সাধারণ সম্পাদক পদে ‘স্বতন্ত্র’ প্রার্থী হয়েছেন।

চারটি সিন্ডিকেট সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে- প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে অধ্যাপক হাসনা হেনা, অধ্যাপক ক্যাটাগরিতে মাহমুদুর রহমান, সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে সোলাইমান চৌধুরী এবং সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে তানজিল ভূঞা। 

হলুদ প্যানেলের সিন্ডিকেট সদস্য প্রার্থী- প্রাধ্যক্ষ ক্যাটাগরিতে এ কে এম মাহমুদুল হক, অধ্যাপক ক্যাটাগরিতে রসায়ন বিভাগের হাসান মাহমুদ, সহযোগী অধ্যাপক পদে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের খালিদ বিন ফেরদৌস, সহযোগী অধ্যাপক পদে ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের রাকিবুল ইসলাম। 

ডিন পদে হলুদ প্যানেলের প্রার্থী- অধ্যাপক মিজানুর রহমান খান (কলা), অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ (আইন), অধ্যাপক নাসিমা আখতার (বিজ্ঞান), অধ্যাপক এ এস এম কামরুজ্জামান (বিজনেস স্টাডিজ), অধ্যাপক এস এম একরাম উল্লাহ (সামাজিক বিজ্ঞান), অধ্যাপক যুগল কুমার সরকার (কৃষি), অধ্যাপক বিমল কুমার প্রামাণিক (প্রকৌশল), অধ্যাপক মোস্তফা শরিফ আনোয়ার (চারুকলা), অধ্যাপক মজিবুল হক আজাদ খান (জীববিজ্ঞান), অধ্যাপক এ এইচ এম সেলিম রেজা (ভূ-বিজ্ঞান), অধ্যাপক আবদুস সামাদ (ফিসারিজ) ও অধ্যাপক জালাল উদ্দিন সরদার  ভেটেরেনারী সায়েন্স)।

অন্যদিকে ডিন পদে স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে- অধ্যাপক আমিনুল ইসলাম (সামাজিক বিজ্ঞান), অধ্যাপক আমিনুল হক ও অধ্যাপক আরিফুর রহমান (কৃষি), অধ্যাপক রোকনুজ্জামান (প্রকৌশল), অধ্যাপক ফজলুল করিম ও অধ্যাপক মোহাম্মদ আলী (চারুকলা), অধ্যাপক রাইসুল ইসলাম (আইন)।

বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা- বিএনপি-জামায়াতপন্থী সাদা প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী না থাকায় হলুদ প্যানেলের সাতজন বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন- প্রভাষক ক্যাটাগরিতে সিন্ডিকেট সদস্য পদে পদার্থবিজ্ঞান বিভাগের রিজু খন্দকার, শিক্ষা পরিষদে সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা র মো. মনিরুজ্জামান, নৃবিজ্ঞান বিভাগের মোস্তাফিজুর রহমান, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স বিভাগের ইমতিয়াজ আলম; সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মুহাম্মদ কামরুল হাসান, বাংলা বিভাগের গৌতম গোস্বামী ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন।
 
স্বতন্ত্র সিন্ডিকেট সদস্য প্রার্থী সোলাইমান চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ার বিষয়ে ১৯৭৩ এর অ্যাক্টে বলা হয়েছে। যারা ব্যক্তি-স্বার্থের ধুয়া তুলছেন, তারা আসলে ভাগ-বাঁটোয়ারার রাজনীতি করছেন। মনোনয়নের ক্ষেত্রে দলীয় প্রতিশ্রুতি ও সিনিয়রিটি বিবেচনা করা হয়নি। আঞ্চলিকতা প্রাধান্য পেয়েছে। এগুলো প্রগতিশীল চিন্তার পরিপন্থী।

হলুদ প্যানেলের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন বলেন, হলুদ প্যানেলে কোনো কোন্দল নেই। কিছু শিক্ষক ব্যক্তিগত ক্ষোভ থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এটি ব্যক্তির অসন্তোষের বহিঃপ্রকাশ। স্টিয়ারিং কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতেই মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া বিএনপি-জামায়াতপন্থী সাদা দলের আহবায়ক এফ নজরুল ইসলাম বলেন, এই সরকারের ১৪ বছরে তাদের কোনো শিক্ষক নিয়োগ হয়নি। সদস্য সংকটে সাদা প্যানেল সবপদে প্রার্থী দিতে পারেনি।

সময়ের আলো/আরআই



  বিষয়:   রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)  শিক্ষক সমিতি নির্বাচন  সিন্ডিকেট নির্বাচন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: