ভরা মৌসুমেও শীতকালীন সবজিতে অস্বস্তি। যা আগে কখনো দেখা যায়নি। বাজারে প্রচুর সরবরাহ থাকার পরেও লাগামহীন সবজির দাম। বছরের শেষ সময়ে এসেও বাড়তি দামেই বিক্রি হচ্ছে মাছ-মাংস। মৌসুম শুরু হলেও কিছুতেই কমছে না আলু ও পেঁয়াজের দাম। আপাতত সুখবর নেই সবজির বাজারে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর, কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, লম্বা বেগুন প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, গোল বেগুন ৮০-৯০ টাকা, ফুলকপি ৪০-৫০ টাকা পিস, বাধাকপি ৪০-৫০ টাকা, শিম ৮০-১০০, টমেটো ৯০-১০০, পেঁপে ৪০-৫০ টাকা, করল্লা ৭০-৮০ টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা, ঢেরস ৭০-৮০ টাকা মান ও সাইজভেদে লাউ ৬০-৮০ টাকা এবং কচুর লতি ৭০-৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা গেল সপ্তাহজুড়ে কিছুটা কমে বিক্রি হয়েছে।
এছাড়াও শাকের মধ্যে সরিশা শাকের আটি ১৫ টাকা, ডাটা শাক ১৫ টাকা, মুলা শাক ১৫ টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা, পুইশাক ৩০ টাকা, লাল শাক ১৫ টাকা আটিতে বিক্রি হচ্ছে। তবে বাজারের দোকানের তুলনায় ভ্যানে কিংবা ফুটপাতের দোকানগুলোতে প্রত্যেক সবজির দাম ৫-১০ টাকা কমে বিক্রি হচ্ছে।
৯০-১১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে নতুন পেঁয়াজ, পুরাতন পেঁয়াজ ১৩০-১৫০ টাকা। নতুন আলু ৭০-৮০ টাকা, পুরাতন আলু ৬০-৭০ টাকা রসুন ২২০-২৪০ টাকা, আদা ২২০-২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, কিছুদিন আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে কৃষকের আলুসহ বেশকিছু সবজি নষ্ট হয়েছে। আগে উত্তরবঙ্গ থেকে যে ট্রাক ১৬ হাজারে আসতো, সেটার ভাড়া এখন ২০ হাজার হয়েছে। আসলে এ বছর বীজ, সারসহ অন্যান্য খরচ বাড়ায় সবজি উৎপাদনের খরচও অনেক বেড়েছে।
আর ক্রেতারা বলছেন, বাজারে পর্যাপ্ত শীতকালীন সবজি থাকার পরও ব্যবসায়ীরা নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন। সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত বাজারে স্বস্তি ফিরেবে না।
অন্যদিকে বাজারে সব মাছের দাম বেশি। তেলাপিয়া মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৫০ টাকা, পাঙ্গাশ প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা, চাষের কই প্রতি কেজি ২৪০ থেকে ২৮০ টাকা, কেজি রুই ৩২০ থেকে ৩৫০ টাকা, শিং মাছ প্রতি কেজি ৫০০ টাকা।
এছাড়া বাজারে ব্রয়লার কেজি ২০০ টাকা, সোনালী মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা, লেয়ার প্রতি কেজি ৩২০, কক প্রতি কেজি ৩২০ এবং পাতি হাঁস প্রতি পিস ৪৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংস রাজধানীর বিভিন্ন এলাকায় ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হলেও ফের ৭০০ টাকায় বিক্রি করছে বিক্রেতারা। আর খাসির মাংস মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি পর্যন্ত।
সময়ের আলো/আরআই