দীর্ঘ সময় নিয়ে হাতে মেহেদি লাগানোর পর যদি রং গাঢ় না হয়, তাহলে যেন ঈদটাই মাটি হয়ে যায়। এ কারণে মেহেদির রং গাঢ় করা নিয়ে চিন্তার শেষ থাকে না। মেহেদির রং গাঢ় করার জন্য কয়েকটি টিপস জেনে নেয়া যাক।
হেনা অয়েল: মেহেদি লাগানোর আগে হেনা অয়েল বা মেহেদি তেল ব্যবহার করুন। এই তেল মেহেদির রঙকে অনেক উজ্জ্বল করে তোলে। হয়তো বিভিন্ন অনুষ্ঠানে বা জেন্টস পার্লারে বিউটিশিয়ানদের কাছে এই তেল দেখেছেন।
লেবু-চিনির মিশ্রণ: প্রথমেই একটি বাটিতে লেবুর রস নিন। তাতে পরিমাণমত চিনি নিয়ে মিশিয়ে নিন। মনে রাখবেন, এর সঙ্গে পানি যোগ করা যাবে না। এতে কার্যক্ষমতা হ্রাস পেতে পারে। এবার তুলা দিয়ে একটি বল বানিয়ে মিশ্রণে ভিজিয়ে হাতে লাগানো মেহেদি শুকিয়ে গেলে তার ওপর আলতোভাবে ঘষতে থাকুন। এ সময় সতর্ক থাকতে হবে, যেন তুলার ঘষায় আবার মেহেদি উঠে না যায়।
সরিষার তেল: সরিষার তেল খুবই সহজলভ্য। এ জন্য অনেকটা সহজেই এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। মেহেদি শুকিয়ে যাওয়ার পর মেহেদি খুলে তার ওপর সরিষার তেল মাখিয়ে নিন। এটি মেহেদির রং গাঢ় করতে সাহায্য করে। অনেকেরই ধারণা, সরিষার তেলের প্রভাব গরম হওয়ায় এটি মেহেদির রং আরও গাঢ় করে।
চা-কফির পানি: মেহেদি তৈরির সময় এতে পানির পরিবর্তে চা বা কফির পানিও ব্যবহার করতে পারেন। উভয়েরই প্রাকৃতিক রং রয়েছে। যা মেহেদির রং গাঢ় করতে বেশ ভূমিকা রাখে।