একসময় মাটির কলসিতে পানি রাখার প্রচলন ছিল। আজকাল এই ঐতিহ্য হারিয়ে গেছে। তবে গরমকালে মাটির কলসিতে পানি রাখতে পারেন। প্রাকৃতিকভাবে শীতল করার বৈশিষ্ট্য রয়েছে মাটির। বিশেষজ্ঞরা বলছেন, মাটির পাত্রে পানি রেখে খেলে বেশ কিছু উপকার মেলে। জেনে নিন কী কী উপকার মেলে মাটির পাত্রে।
প্রাকৃতিকভাবে ঠান্ডা থাকবে পানি : মাটির পাত্র সঞ্চিত পানির তাপমাত্রা কমাতে সাহায্য করে। মাটির পাত্রে অসংখ্য আনুবীক্ষণিক ছিদ্র থাকে। এই ছিদ্রগুলো দিয়ে অল্প পরিমাণ পানি চুইয়ে বাইরের পৃষ্ঠে আসে ও বাষ্পীভূত হয়। পানি বাষ্পীভূত হওয়ার সময় কিছুটা তাপ শোষণ করে নেয়। ফলে ঠান্ডা থাকে পাত্র ও এতে থাকা পানি। ফ্রিজের ঠান্ডা পানি খেলে সর্দি-কাশির ভয় থাকলেও মাটির পাত্রের পানি খেলে সে ভয় নেই।
স্বাদ এবং সতেজতা ভালো থাকে পানির : মাটিতে থাকা বিভিন্ন খনিজের কারণে পানির স্বাদ বেড়ে যায় অনেকটাই। মাটির পাত্রের ছিদ্রযুক্ত পৃষ্ঠ বাতাস চলাচলের জন্য উপযুক্ত। ফলে পানির সতেজতা বজায় থাকে।
ক্ষারীয় ভারসাম্য রক্ষা : ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের মতো খনিজ পদার্থ মেশে এই পানিতে। যা খেলে পেটের বিভিন্ন প্রকার অ্যাসিড কিছুটা প্রশমিত হয়। পাশাপাশি অমø-ক্ষারের ভারসাম্য বজায় থাকে ও পিএইচ ব্যালেন্স ঠিক থাকে শরীরের।
পুষ্টি সংরক্ষণ : প্লাস্টিক বা ধাতব পাত্রে পানি রাখলে ক্ষতিকারক রাসায়নিক বা দূষিত পদার্থ মিশে যাওয়ার ঝুঁকি থাকে। তবে মাটির পাত্রে এই ভয় নেই। পানির প্রাকৃতিক গঠন অক্ষত রাখার পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টি এবং খনিজ সংরক্ষণ করে মাটির পাত্র।
পরিবেশবান্ধব সমাধান : মাটির পাত্রগুলো প্রাকৃতিক উপাদান থেকে তৈরি করা হয় এবং পরিবেশগতভাবে টেকসই। প্লাস্টিকের ওপর নির্ভরতা হ্রাস করে এটি।
হজম ভালো হয় : হজমে সহায়তা করে এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল স্বাস্থ্যের উন্নতি করে মাটির পাত্রের পানি। এই পানির ক্ষারীয় প্রকৃতি পাকস্থলীর অমøতা কমায় ও বদহজমের উপসর্গগুলো উপশম করে।