সবাই চায় নিজের পছন্দের পোশাকটি দীর্ঘদিন টিকিয়ে রাখতে। তবে চাইলে হবে না, পছন্দের পোশাকটি বেশিদিন টিকিয়ে রাখতে জানতে হবে যত্ন নেওয়ার উপায়ও।
ঠান্ডা পানিতে পরিষ্কার করা
অতিরিক্ত গরম পানি কাপড়ের রঙের স্থায়িত্ব কমিয়ে দেয়। তাই গরম পানির বদলে ঠান্ডা পানির ব্যবহার কাপড়ের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে। শুধু পানির তাপমাত্রার বদল ঘটিয়ে কাপড়ের রংকে বহুদিন টিকে থাকার উপযোগী রাখা যায়।
কড়া রোদে কাপড় শুকাবেন না
জামাকাপড় ধোয়ার পর কড়া রোদে শুকাতে দিলে রং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কাপড়ের রং দীর্ঘস্থায়ী রাখতে আপনার পছন্দের পোশাকটি হাল্কা রোদে শুকানোর চেষ্টা করুন।
সরাসরি ডিটারজেন্ট ব্যবহার নয়
কোনো কাপড়ের ওপর সরাসরি ডিটারজেন্ট ব্যবহার করবেন না। প্রথমে কাপড় নিন, তারপর পানিতে ভেজান এবং সবার শেষে ডিটারজেন্ট দিন। ব্লিচ ব্যবহারের ক্ষেত্রে প্রথমে পানি, তারপর কাপড় এবং সবশেষে ব্লিচিং ডিটারজেন্ট দিতে হবে।
অপ্রয়োজনে পরিষ্কার নয়
উজ্জ্বল কাপড়ের রং বেশিদিন ধরে রাখার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ঘন ঘন কাপড় না ধোয়া। একবার পরিষ্কার করার পর থেকে পরেরবার ধোয়ার মধ্যবর্তী সময়টা যাতে একটু বেশি হয়। তবে ঘামার কারণে শরীরের বিভিন্ন অংশ হতে জামায় দাগ চলে আসতে পারে। এ রকম হলে ভেজা সামান্য কাপড় দিয়ে দাগ পড়ে যাওয়া অংশ একটু মুছে নিতে হবে। তাতেই আপনার কাপড়টি দু-একদিন বেশি পরতে পারবেন।
বিভিন্ন রঙের কাপড় একসঙ্গে ভেজাবেন না
বিভিন্ন রঙের কাপড় একসঙ্গে ভেজালে কাপড়ের রং নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই কাপড় ভেজানোর সময় বিভিন্ন রঙের কাপড় আলাদা করে ভিজিয়ে নিতে হবে।
ভিনেগার ও বেকিং সোডার ব্যবহার
সাদা কাপড়ের উজ্জ্বলতা বাড়াতে চাইলে আধা কাপ ভিনেগারের সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এবার মিশ্রণটি দিয়ে কাপড় ধুয়ে ফেলুন।
জামার লেবেলের নির্দেশনা দেখুন
জামার কলারের পেছনের দিকের সংযুক্ত নির্দেশনাটি পড়ে দেখুন। এখানে কাপড়ের টাইপ এবং কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া থাকে, যেগুলো কাপড়ের ব্যবহারকে দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে।
নীলের ব্যবহার
সাদা কাপড়কে উজ্জ্বল রাখতে নীল রঙের ব্যবহার অনেক আগে থেকেই হয়ে আসছে। এটা মূলত কালারিং এজেন্ট, যার ছোট ছোট কণিকা কাপড়ের সঙ্গে লেগে থেকে সাদা কাপড়কে উজ্জ্বল করে। তবে সাদা কাপড় না হয়ে যদি কালো রঙের কাপড় হয়, সে ক্ষেত্রে পরিষ্কার করার সময় পানিতে সামান্য পরিমাণ চা-কফি ঢেলে নিতে পারেন। এতে কালো কাপড়ের উজ্জ্বল ভাব টিকে থাকবে অনেক দিন।
সময়ের আলো/আরএস/