দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাকে রাজধানী ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসির মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, তার শাসনামলে এই যুদ্ধে হাজার হাজার ফিলিপিনের নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।
ফিলিপাইন সরকার জানিয়েছে, হংকং থেকে ফিরে আসার পর তাকে ম্যানিলার বিমানবন্দরে আটক করা হয়।
পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রদ্রিগো দুতার্তে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সাবেক এই প্রেসিডেন্ট এখন (পুলিশ) হেফাজতে রয়েছেন বলে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে।
প্রসঙ্গত, ৭৯ বছর বয়সী রদ্রিগো দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেন এবং তিনি ফিলিপাইনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের একজন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ থাকা সত্ত্বেও এতদিন আপেক্ষিক দায়মুক্তি ভোগ করেছেন।
অন্যদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মাত্র কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।