কুয়েট ইস্যুতে সরকারের পদক্ষেপ ‘দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ’

ঢাবি প্রতিনিধি

রাজনীতি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ‘ধীর পদক্ষেপ’ শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ ও হতাশাজনক বলে

2025-04-22T23:35:09+00:00
2025-04-22T23:45:33+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
কুয়েট ইস্যুতে সরকারের পদক্ষেপ ‘দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১১:৩৫ পিএম  আপডেট: ২২.০৪.২০২৫ ১১:৪৫ পিএম
মঙ্গলবার রাতে রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে কুয়েটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। ছবি: সময়ের আলো
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের ‘ধীর পদক্ষেপ’ শিক্ষার্থীদের প্রতি অবহেলার বহিঃপ্রকাশ ও হতাশাজনক বলে মনে করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংগঠনটি বলছে, দুই মাস আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কুয়েট শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করলেও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এ বিষয়ে দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি, যা চরম ‘দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ’। 

একইসঙ্গে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে ঐক্যমত পোষণ করে কুয়েট উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিও জানিয়েছে সংগঠনটি।


মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে কুয়েটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটি এই দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপি যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত। 

লিখিত বক্তব্যে সালেহ উদ্দিন সিফাত বলেন, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের উপর ছাত্রদল ও বহিরাগতরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ হামলা চালায়। হামলায় প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়। কিন্তু এখন পর্যন্ত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অথচ গত ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ৩৭ জন শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বহিস্কৃত শিক্ষার্থীদের নাম প্রকাশ না করলেও, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি, একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বহিস্কৃত শিক্ষার্থীদের মধ্যে ৭ জন নিজ দলের কর্মী থাকার কথা বলেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিসরে এই ধরনের আচরণ আমরা বিগত ফ্যাসিবাদী আমলে লক্ষ্য করেছি। 

তিনি আরও বলেন, ফেব্রুয়ারি মাসে হামলার সময় উপাচার্যকে শারীরিকভাবে হেনস্থা করার যে অভিযোগ পাওয়া গেছে, তারও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিকভাবে প্রতিবাদে অধিকার সবার রয়েছে, তবে শিক্ষকদের মর্যাদা ক্ষুণ্ণ করা হলে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। 

 
কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে সালেহ উদ্দীন সিফাত বলেন, এনসিপি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে অনতিবিলম্বে কুয়েটে চলমান অচলাবস্থা নিরসন করে হল খুলে দেওয়ার দাবি জানায়। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। 

একইসঙ্গে সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন, ফয়সাল মাহমুদ শান্ত, নিজাম উদ্দিন, জয়নাল আবেদীন শিশির, সাইফ মোস্তাফিজ প্রমুখ।

এসটিও


  বিষয়:   কুয়েট  কুয়েট ইস্যু  অন্তর্বর্তী সরকার  জাতীয় নাগরিক পার্টি  এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: