সমমনা ৫ ইসলামি রাজনৈতিক দলের নেতারা একটি বাক্সে ভোট পাঠাতে একমত হয়েছেন। একই সঙ্গে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন ইস্যুতে সবাই একমত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে সমমনা দলের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংলাপে এ বিষয়ে একমত হন নেতারা। এতে নেতৃত্ব দেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
বৈঠক শেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, সমমনা ৫টি ইসলামী রাজনৈতিক দল একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামি দলগুলো একটি বাক্সে ভোট পাঠাতে পারি, বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে। অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। আলোচনায় আমরা সন্তুষ্ট। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছে। এমনকি বিদেশিরা যাতে বাংলাদেশকে নিয়ে টালবাহানা না করতে পারে, এ বিষেয়েও সমমনা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।
নারী সংস্কারবিষয়ক কমিশন বাতিলের দাবি জানিয়ে তিনি বলেন, এটি সম্পূর্ণ বাতিল করতে হবে। এ বিষয়ে একমত হয়েছি। তা না করলে এর প্রতিবাদে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। ফ্যাসিস্ট, খুনি ও টাকা পাচারকারীদের বিচার ও টাকা ফেরত আনার বিষয়ে আমরা একমত হয়েছি।
ইসলামী আন্দোলনের আমির বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয়। লক্ষ্যে পৌঁছাতে ধারাবাহিকভাবে এই সংলাপ চলবে।
এ সংলাপে উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমেদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আবদুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সহসভাপতি মাওলানা আবদুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা সাখাওয়াত হুসাইন, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে দলটির মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।
এসটিও