রাজনীতিতে সক্রিয় হচ্ছেন জুবাইদা!

রফিক রাফি

রাজনীতি

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দেশে ফিরে তিনি বিএনপির রাজনীতিতে

2025-05-03T05:15:27+00:00
2025-05-03T05:15:27+00:00
 
  বুধবার, ১০ জুন ২০২৬,
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬
রাজনীতি
রাজনীতিতে সক্রিয় হচ্ছেন জুবাইদা!
রফিক রাফি
প্রকাশ: শনিবার, ৩ মে, ২০২৫, ৫:১৫ এএম   (ভিজিট : ৬২৬)
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। দেশে ফিরে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হচ্ছেন-এমন গুঞ্জন রয়েছে। ক্লিন ইমেজের অধিকারী জুবাইদার রাজনীতিতে আসা এবং জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দলের বিভিন্ন পর্যায়ে চলছে আলোচনা।

দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, বাংলাদেশে প্রায় তিন যুগ ধরে নারী নেতৃত্ব চলমান। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিএনপির হাল ধরে আছেন। এখনও দেশের মানুষ খালেদা জিয়াকে সর্বোচ্চ নেতা মনে করে। তারেক রহমান এখন দেশে নেই, এ অবস্থায় জুবাইদা রহমান রাজনীতিতে সক্রিয় হলে বিএনপি রাজনৈতিকভাবে লাভবান হবে। নারী হিসেবে জুবাইদা রহমান রাজনীতিতে ভালো করবেন, তার আগে থেকেই অনেক জনপ্রিয়তা রয়েছে। নির্বাচনে দাঁড়ালে তাকে কেউ হারাতে পারবে না।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেন জুবাইদা রহমান। সিলেটের একটি আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে এর আগেও আলোচনা ছিল। ৫ মে সোমবার সকালে লন্ডন থেকে দেশে ফিরছেন চেয়ারপারসন খালেদা জিয়া। তার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। ইতিমধ্যে জুবাইদার নিরাপত্তা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠি দিয়েছে বিএনপি। চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও ‘গাড়িসহ পুলিশি নিরাপত্তা’ চাওয়া হয়েছে। 

জুবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন জানিয়ে চিঠিতে বলা হয়, জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে। সে কারণে তার ঢাকার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চিঠিতে চার ধরনের নিরাপত্তা চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-সশস্ত্র ‘গানম্যান’, গাড়িসহ ‘পুলিশ প্রটেকশন’, বাসায় পুলিশি পাহারা এবং বাসায় আর্চওয়ে স্থাপন।

দলীয় সূত্র বলছে, বিএনপির প্রতিনিধি হিসেবে সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন জুবাইদা রহমান। সে জন্য বাসার পাশাপাশি বাইরে যাওয়ার সময়ও তার নিরাপত্তা প্রয়োজন রয়েছে। সে জন্য পুলিশি নিরাপত্তা চাওয়া হয়েছে।

বিএনপির সিনিয়র নেতারা বলছেন, জুবাইদা রহমান পরোক্ষভাবে বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করেন। তিনি রাজনীতিতে আসবেন কি না সেটা তার ব্যক্তিগত বিষয় এবং জিয়া পরিবারের সিদ্ধান্ত। রাজনীতিতে আসতে চাইলে তাকে স্বাগত জানানো হবে। তার রাজনীতিতে আসা নিয়ে নেতাকর্মীদের মাঝে আগ্রহ রয়েছে। নেতার্মীরা তাকে ভালোভাবেই গ্রহণ করবেন।

জুবাইদা রহমানের বিএনপির রাজনীতিতে সক্রিয় হাওয়ার বিষয়ে জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার সময়ের আলোকে বলেন, বাংলাদেশে রাজনীতিক করতে কারও বাধা নেই, সে ক্ষেত্রে তিনি করতেই পারেন। রাজনীতিতে এলে তো ভালো।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এ বিষয়ে সময়ের আলোকে বলেন, তিনি একটি রাজনৈতিক পরিবারের সদস্য, এতে কোনো সন্দেহ নেই। তিনি একেবারে নিকটতম জায়গা থেকে রাজনীতিটা দেখছেন, বুঝছেন, জানার চেষ্টা করছেন। এখনও দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তিনি যদি আসেন দল স্বাগত জানাবে।

তিনি বলেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। তিনি আনঅফিসিয়ালি দলের অনেক বিষয়ে নেপথ্যে থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সহযোগিতা করছেন। তিনি যদি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন, দল তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাবে এবং গভীর আগ্রহের সঙ্গে বরণ করবে। রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেবেন কি নেবেন না এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক সময়ের আলোকে বলেন, পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পারছি তিনি (ডা. জুবাইদার রহমান) রাজনীতিতে আসছেন। এটার তার বিষয়। তিনি সিদ্ধান্তে নেবেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল সময়ের আলোকে বলেন, এটা পারিবারিক সিদ্ধান্তের বিষয়। তিনি বিএনপির কোনো দলীয় পদে ছিলেন না। তারপরেও তিনি যেন দেশে আসতে না পারে সেজন্য অসংখ্য মামলা দিয়ে রাখা হয়েছিল। অসত্য মামলা, এখন সেই মামলাগুলো প্রত্যাহার হয়েছে, তার বাবা এ দেশের একজন কৃতী সন্তান। তার শিকড় দেশের মাটিতে, তার মা এখানে থাকেন।

তিনি বলেন, তিনি দেশের মাটিতে আসছেন এটাই বড় কথা। আসার পরে রাজনীতিক করার সিদ্ধান্ত নিলে নেতাকর্মীরা খুশিই হবেন।


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: