ভারতের হামলার প্রতিশোধ হিসেবে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারা। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনী ভারতের সামরিক স্থাপনাও উড়িয়ে দিয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট এই খবর জানিয়েছে।
এর আগে গতকাল বুধবার ভোররাতে পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে ভারত। এর জবাবে এই প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে এবং এতে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় সেনা নিহত হয়েছে।
সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে। যেগুলো ইসরায়েলে তৈরি।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানিয়েছেন, একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণ ঘটে এবং রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে। যদিও ভারত আনুষ্ঠানিকভাবে কোনো বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেনি।
ভারত এখনো পাকিস্তানের দাবি করা ৪০-৫০ জন সেনা নিহতের বিষয়ে কোনো জবাব দেয়নি। তবে ভারত তার দেশে নিহতের সংখ্যা ১৬ জন বলে স্বীকার করেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘বুধবার সকাল থেকে পাকিস্তানের গুলিতে তিনজন নারী ও পাঁচ শিশুসহ ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত। এর আগে, বুধবার রাতে নিহতের সংখ্যা ১৫ জন বলে জানানো হয়েছিল।’
আরআর