বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আমরা আজ দুপুর পার করতে চাই না। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান আপনাদের সালাম দিয়েছেন। আমরা আশা করি এই সরকার ছাত্র-জনতার দাবি পূরণ করবে।
আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থানরত ছাত্র-জনতার বিক্ষোভে শুক্রবার (৯ মে) সকালে ৮টার দিকে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আজ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি করেছে বাংলাদেশ। দেশ যখন দাবি তুলেছিল আওয়ামী লীগের পতন হতে হবে, এতে শুধু পতন হয়নি তারা দেশ ছেড়ে পালিয়েছে। এমনকি গতকাল ও এর আগের দিনও তারা পালানো অব্যাহত রয়েছে। কেউ কেউ তাদের পালিয়ে যাওয়ার সহযোগিতা করছে এবং আজ যখন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠেছে এই গণতান্ত্রিক আন্দোলনকে থামাতে ডানে-বামে থেকে আমাদের আটকানোর চেষ্টা করছে।
তিনি বলেন, আপনাদের মনে রাখা উচিত, ৫ আগস্ট যারা স্বাধীনতা এনেছে, তারাই আজ এখানে আন্দোলনে এসেছে। তারা দাবি আদায় না করে এখান থেকে যাবে না।
ঢাকা দক্ষিণের এ সেক্রেটারি বলেন, আওয়ামী লীগ শুধু ৫ আগস্ট গণহত্যা করেনি, তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর গণহত্যা করেছে, ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরে গণহত্যা করেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি আমাদের চৌকস ৫৭ সেনা অফিসারকে হত্যা করেছে। ২০১৩ সালে মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে ২৫০ এর বেশি মানুষকে হত্যা করেছে। ২০২১ সালে নরেন্দ্র মোদীকে আনার জন্য ২৫ জনকে হত্যা করেছিল আওয়ামী লীগ।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পতনের পর জনমানুষের দাবি ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। এই দাবি শুধু কোনো রাজনৈতিক দল বা ছাত্রদের নয়, এটি সারাদেশের সকল দেশপ্রেমিক মানুষের দাবি। এটি মানতে হবে।
আরআর