মিয়ানমারের রাখাইনে সহায়তার নামে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে ২৩ ও ২৪ মে দুই দিনের সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন সিপিবি।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃশ্যমান উদ্যোগ না নিয়ে রাষ্ট্রীয় এমন অনেক সিদ্ধান্ত নিচ্ছে বা নিতে যাচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, রাখাইনে করিডোর এবং নিজস্ব সক্ষমতা ও লাভজনক থাকার পরও বিদেশি কোম্পানিকে বন্দর লিজ দেওয়া দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পরিপন্থী। একই সঙ্গে বন্দর বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে শ্বেতপত্র প্রকাশ ও দেশ-মানুষের স্বার্থবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। যেকোনো অজুহাতে নির্বাচন বিলম্বিত করা, সাম্রাজ্যবাদী প্রক্সি ওয়ারের মধ্যে দেশকে জড়িয়ে ফেলাসহ দেশ ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক প্রগতিশীল দল ও সচেতন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জাননো হয়।
সময়ের আলো/এমএইচ