ইমাম মুসলিম (রহ.)-এর জীবন থেকে শিক্ষা

হাসিবুর রহমান

ইসলামের আলো

হাদিসশাস্ত্রের ইতিহাসে ইমাম মুসলিম (রহ.) একটি অমর ও উজ্জ্বল নাম। তিনি সহিহ হাদিস সংকলনের ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা মুসলিম

2025-06-19T03:24:55+00:00
2025-06-19T03:24:55+00:00
 
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ১২ জুন ২০২৬
ইসলামের আলো
ইমাম মুসলিম (রহ.)-এর জীবন থেকে শিক্ষা
হাসিবুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫, ৩:২৪ এএম   (ভিজিট : ১৫২)
প্রতীকী ছবি
হাদিসশাস্ত্রের ইতিহাসে ইমাম মুসলিম (রহ.) একটি অমর ও উজ্জ্বল নাম। তিনি সহিহ হাদিস সংকলনের ক্ষেত্রে যে অবদান রেখেছেন তা মুসলিম উম্মাহর জন্য এক অমূল্য সম্পদ। তার পূর্ণ নাম ছিল আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ ইবনু মুসলিম আল-কুশাইরি আন-নিশাপুরি। তিনি ২০৬ হিজরিতে ইরানের খোরাসান অঞ্চলের বিখ্যাত শহর নিশাপুরে জন্মগ্রহণ করেন।

ইমাম মুসলিম ছোটবেলা থেকেই জ্ঞানচর্চার প্রতি প্রবল অনুরাগী ছিলেন। অল্প বয়সেই তিনি কুরআন হিফজ করে ফেলেন এবং তাফসির, ফিকহ ও হাদিসশাস্ত্রের শিক্ষায় মনোনিবেশ করেন। তিনি নিশাপুরেই প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এবং পরে অধিকতর জ্ঞান আহরণের জন্য বসরা, কুফা, মক্কা, মদিনা, হেজাজ, মিসর, সিরিয়া প্রভৃতি স্থানে সফর করেন। হাদিসশাস্ত্রে তার গভীর দক্ষতা ও অনুসন্ধিৎসা তাকে আলেমদের মাঝে খ্যাতিমান করে তোলে।

ইমাম মুসলিমের শিক্ষকদের মধ্যে সর্বাধিক প্রভাবশালী ছিলেন ইমাম বুখারি (রহ.), যার সান্নিধ্যে ইমাম মুসলিম দীর্ঘসময় কাটিয়েছেন এবং যার কাছ থেকে বিশাল সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। এ ছাড়া তিনি ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, কুতাইবা ইবনু সাঈদ, ইসহাক ইবনু রাহুয়াইহ, ইবনে আবি শাইবা প্রমুখ বিখ্যাত মুহাদ্দিসদের কাছ থেকে জ্ঞান অর্জন করেন। ইমাম মুসলিমের শিষ্যদের মধ্যে অন্যতম হলেন ইমাম তিরমিজি, আবু হাকিম, আবু ইসা, আবু আইয়ুব ও ইমাম ইবনে খুজাইমা। অনেক বিশিষ্ট মুহাদ্দিস তার শিষ্যত্ব গ্রহণ করে হাদিসশাস্ত্রে উচ্চ মর্যাদা অর্জন করেন।

ইমাম মুসলিম (রহ.)-এর সর্ববিখ্যাত গ্রন্থ হলো ‘সহিহ মুসলিম’, যা ইসলামি ইতিহাসে ‘কুতুবুস সিত্তা’ বা ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের অন্যতম এবং ইমাম বুখারি (রহ.)-এর সহিহ বুখারির পরই সবচেয়ে নির্ভরযোগ্য হাদিসগ্রন্থ হিসেবে বিবেচিত। সহিহ মুসলিম গ্রন্থে প্রায় ৭ হাজার ৫০০ হাদিস রয়েছে (পুনরুক্ত বাদ দিলে প্রায় ৪ হাজার)। তিনি এই গ্রন্থ সংকলনে কঠিন শর্ত অনুসরণ করেন। তিনি শুধু বিশ্বস্ত সনদের হাদিস গ্রহণ করতেন এবং হাদিসের বর্ণনাকারীদের শুদ্ধতা ও স্মৃতিশক্তির ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। সহিহ মুসলিমের বৈশিষ্ট্য হলো, তিনি প্রতিটি অধ্যায়ে হাদিসগুলো এমনভাবে বিন্যস্ত করেছেন যে, পাঠকের জন্য বিষয়বস্তু সহজে অনুধাবন করা যায়। এ ছাড়া তার অন্যান্য গুরুত্বপূর্ণ রচনার মধ্যে রয়েছে ‘আল-আসমা ওয়াল-কুনা’, ‘আল-ইলাল’, ‘আল-মুখাদ্দাম ওয়াল-মুখার’, ‘তামিয’ ইত্যাদি।

ইমাম মুসলিম (রহ.) ২৬১ হিজরিতে মাত্র ৫৫ বছর বয়সে ইন্তেকাল করেন। বলা হয়, তিনি একবার একটি জটিল হাদিস নিয়ে গভীর গবেষণায় নিমগ্ন ছিলেন এবং সে সময় প্রচুর খেজুর খেয়ে ফেলেন, যার ফলে পেটের অসুস্থতায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়েছিল এবং তাকে শ্রদ্ধাভরে নিশাপুরে দাফন করা হয়।

ইমাম মুসলিম (রহ.) হাদিসশাস্ত্রকে পরিশুদ্ধ করার জন্য যে পরিশ্রম করেছেন তা পরবর্তী প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তার সংকলিত ‘সহিহ মুসলিম’ আজও বিশ্বের সব প্রান্তের আলেম ও মুসলিমদের জন্য বিশুদ্ধ দ্বীনি জ্ঞানের উৎস হিসেবে বিবেচিত।


Loading...
Loading...
ইসলামের আলো- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: