মিডফোর্ডের ঘটনায় নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হেফাজতে ইসলাম বলেছে, বিএনপিকে অবিলম্বে চাঁদাবাজি ও খুনাখুনির রাজনীতি বন্ধ করতে হবে।
অন্তর্বর্তী সরকারকেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ বাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীতে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশ বাহিনীর আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনাখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইনশৃঙ্খলার অবনতি হলে তার দায় অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না।
শনিবার (১২ জুলাই) বিবৃতিতে হেফাজতের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এসব কথা বলেন। বিবৃতিতে তারা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশবাসী ও জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতাকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, পুরান ঢাকার মিডফোর্ডে চাঁদা না দেওয়ার কারণে এক গরীব ভাঙারি পণ্যের ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
বিএনপির নেতৃত্বের উদ্দেশে হেফাজত নেতারা বলেন, দেশপ্রেমিক মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি ও খুনাখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অমানবিক সংস্কৃতি আমরা পার করে এসেছি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার গণআকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে এসেছে।
আলেম সমাজ ও নতুন প্রজন্ম সেই বিপ্লবের প্রধান কারিগর। তাদের বিপ্লবী কণ্ঠ ও অদম্য আবেগ-অনুভূতিকে অবজ্ঞা করার পরিণাম ভালো হবে না। পরিবর্তিত এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে সুস্থ ও মানবিক ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় নতুন বিপ্লবী প্রজন্ম দেশ ও জাতির স্বার্থে আবারও রাজপথে নামতে দ্বিধা করবেন না।
/এসটিও