দল জনগণের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেলে সেটা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, ৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে সেটা যে মাসেই নির্বাচনের সময় দিক-না কেন, তা নিয়ে এত ভাবনার কারণ নেই।
বুধবার (৩০ জুলাই) হোটেল লেকশোরে ‘গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান একথা বলেন।
পিআর পদ্ধতির সমালোচনা করে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, পিআর পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে জনগণ একটি দলকে ভোট দিচ্ছে একজন ব্যক্তিকে নয়। এই পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সামাজিক অবস্থার সঙ্গে তা সংগতিপূর্ণ হবে না। অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়, তাই পিআর পদ্ধতি এখানে কার্যকর করা যাবে কি না, তা নিয়ে ভাবতে হবে।
পিআর জটিল পদ্ধতি উল্লেখ করে মঈন খান বলেন, যারা এই দাবি তুলেছেন তাদের উচিত এ নিয়ে জনগণের ওপর জরিপ পরিচালনা করা। তখনই বুঝা যাবে মানুষ প্রচলিত নিয়মে ভোট চায় নাকি পিআর চায়। পিআর বাংলাদেশের ইস্যু ছিল না। এই দেশে কে কত শতাংশ ভোট পেল তা গুরুত্বপূর্ণ নয়। যে বেশি ভোট পাবে সেই বিজয়ী। যুক্তরাষ্ট্র এত বড় গণতান্ত্রিক দেশ সেখানেও পিআর পদ্ধতি নেই৷ পিআর নৈর্ব্যক্তিক ভোটিং প্রক্রিয়া। বাংলাদেশের মানুষ দলের পাশাপাশি প্রার্থী দেখে ভোট দিতে চায়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে উল্লেখ্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক হয়ে যাবে। শুধু নির্বাচিত সরকারেরই সংস্কার করার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন আবদুল মঈন খান।
সেমিনারে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের তাদের ‘এক্সিট’ নিয়ে ভাবনার সময় এসেছে। তাদের পদক্ষেপ পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে, তা নিয়েও চিন্তা করার আহ্বান জানান তিনি। সংস্কার চলমান প্রক্রিয়া- যতটুকু না করলেই নয় ততোটুক সংস্কার করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেন, সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকার।
নির্বাচন অক্টোবরে হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, পিআর পদ্ধতি ভালো হলেও এখন তা সময়োপযোগী নয়।
সময়ের আলো/জেডআই