জাতীয়তাবাদী সমমনা জোটের নেতা, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র সভাপতি খন্দকার লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী এক যুক্ত বিবৃতিতে এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, একটা সভা শেষে একজন রাজনৈতিক নেতা যদি নিরাপদে বাড়ি ফিরতে না পারেন, তাহলে দেশের অবস্থা স্বাভাবিক যারা বলতে চান তারা বোকার স্বর্গে বাস করছেন। এমনিতেই সারা দেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। এর মধ্যে এ ধরনের ঘটনা মানুষকে আরো ভীত সন্ত্রস্ত করে তুলবে।
বিবৃতিতে এ ধরনের বর্বরোচিত হামলা একটি গভীর চক্রান্তের অংশ কিনা, তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিবৃতিতে সারাদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
সময়ের আলো/জেডআই