ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার বাসিন্দাদের জন্য ত্রাণসামগ্রী নিয়ে নৌবহরে যোগ দেওয়ার সাহসী উদ্যোগে দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে অভিনন্দন জানান তিনি।
ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলমের অংশগ্রহণ শুধু সংহতির প্রকাশ নয়, এটি ন্যায়ের পক্ষে বিবেকের শক্তিশালী উচ্চারণ। বাংলাদেশের পতাকা তুলে ধরে তিনি প্রমাণ করেছেন, এই জাতি কখনো নিপীড়ন ও অবিচারের কাছে মাথা নত করেনি এবং করবে না।
বিএনপি সবসময় শহিদুল আলমের পাশে থাকবে এবং ফিলিস্তিনের জনগণের ন্যায়সংগ্রামে তাদের সমর্থন জানিয়ে যাবে বলেও উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
সময়ের আলো/জেডআই