বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নানা ধরনের অপকর্মে যারা জড়িত এবং যারা ফ্যাসিস্টদের রক্ষা করতে বেআইনি কাজ করেছেন, তাদের প্রশাসনে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকারের সময় প্রশাসনে কোনোভাবে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কেউ থাকলে, তাদের রাখা যাবে না। কারণ, তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টই হলো নির্দলীয়তা। নির্দলীয় হলে সেখানে রাজনৈতিক দলের উপদেষ্টা বা দলীয় পরিচয়ের লোকদের থাকার কোনো কারণ নেই। বর্তমান সরকারে যদি দলীয় কেউ থাকে, তাদের সরিয়ে দিতে হবে- তা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
রিজভী বলেন, ‘গত ১৫ বছরের নানা ধরনের অপকর্মে যারা জড়িত এবং যারা ফ্যাসিস্টদের রক্ষায় বেআইনি কাজ করেছেন, তাদের প্রশাসনে রেখে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তারা গোপনে থাকেনি, অনেকে প্রকাশ্যেই সহযোগিতা করেছেন- তাদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার যখন তত্ত্বাবধায়ক সরকারে রূপ নেবে, তখন তা নির্দলীয় ও নিরপেক্ষ হওয়া উচিত। তাহলে, বিগত ১৬ বছর যারা ভোটে বিশ্বাস হারিয়েছেন, তাদের মধ্যে আস্থা ফিরে আসবে।’
দেশের সর্বক্ষেত্রে চরমভাবে দলীয়করণ হয়েছে দাবি করে বিএনপির এ নেতা বলেন, ‘প্রশাসনের উচ্চপর্যায়ের অনেককে দেশে থাকতে না পেরে দেশ ছেড়ে যেতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন, তাদের জমিদারি সারাজীবন থাকবে। ৫ আগস্টের পর অনেকের মানসিকতা পরিবর্তিত হয়েছে, তবু আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি।
সময়ের আলো/এনএ