আমাদের আন্দোলনের ধরন পাল্টাতে হবে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন সময় সংঘর্ষ বা হিংসার নয়, এখন সময় জনগণের কাছে যাওয়ার; জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, রাজনীতিতে সম্পর্ক নষ্ট করে এগোনো যাবে না। আমাদের পুরোনো সংঘাতমুখী সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আজ আমরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা একসঙ্গে বসে দেশের ভবিষ্যৎ ও গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছি— এটাই পরিবর্তনের সূচনা।
তিনি বলেন, ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের পরও বাংলাদেশ এখনো পূর্ণ গণতান্ত্রিক কাঠামো ফিরে পায়নি। হাসিনা সরকারের পতনের পর ১৪ মাস অতিক্রান্ত হলেও নির্বাচিত সংসদ সরকার প্রতিষ্ঠিত হয়নি। তাই আমরা সবাই জাতীয় জুলাই সনদে সই করেছি, যাতে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিয়ে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা যায়।
সহনশীল রাজনীতির আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ভিন্নমতকে সহ্য করতে হবে, দ্বিমত পোষণ করলেও অন্যের মতামতকে সম্মান করতে হবে। রাজনীতিতে এই সংস্কৃতি ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। প্রত্যেক দলের নিজস্ব আদর্শ ও চিন্তাধারা আছে- সব এক জায়গায় মিলবে না, এটিই স্বাভাবিক। কিন্তু যার যার অবস্থান থেকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তনের পথে এগোতে হবে।
আমীর খসরু বলেন, পরিবর্তন এক দিনে আসবে না, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। কিছু বিষয় আলোচনার মাধ্যমে সমাধান হবে, কিছু বিষয় নিয়ে জনসম্মুখে আলোচনা চালিয়ে যেতে হবে— তবেই গণতন্ত্র ও জনগণের অংশগ্রহণমূলক রাজনীতি পুনরুদ্ধার সম্ভব।
/এমএইচআর