কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে রাজধানী ঢাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগ করেছে ডিবি।
সোমবার (২৭ অক্টোবর) এক বার্তায় ডিএমপি বলছে, রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— ফেনী জেলার দাগনভূঁইয়া থানার আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান পিপুল (২৫), তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য মো. আসিবুল হক অর্নব (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রহিম পলক (২৫), ফেনী জেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সদস্য সাকের আলম (২৪), চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৩), যাত্রাবাড়ী ইউনিট ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোকাররম হোসেন (৪৮) ও ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে গোয়েন্দা পুলিশ তাদের গ্রেফতার করেছে।
ডিএমপি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিকবার ঝটিকা মিছিল ও সংগঠিত কার্যক্রমে অংশ নিয়েছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
গত ২১ অক্টোবর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেদিন ১৩১ জনকে গ্রেফতার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এসকে/