রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন কোম্পানি এইচপিসিএল-মিত্তাল এনার্জি (এইচএমইএল)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর

2025-10-30T17:22:57+00:00
2025-10-30T17:22:57+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
রাশিয়ার তেল কেনা বন্ধ করল ভারত
মার্কিন নিষেধাজ্ঞায় রাষ্ট্রীয় কোম্পানির সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৫:২২ পিএম 
ফাইল ছবি
রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত তেল পরিশোধন কোম্পানি এইচপিসিএল-মিত্তাল এনার্জি (এইচএমইএল)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর বৃহত্তম দু’টি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর এ সিদ্ধান্ত নেয় ভারতীয় কোম্পানি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের রাষ্ট্রায়ত্ত এই তেল কোম্পানির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির।

নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় গত আগস্টে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের এই শুল্ক আরোপের পর ওয়াশিংটন ও নয়াদিল্লির সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এ প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করে বলেছেন, মস্কোর বিশেষ ছাড়ে তেল কিনে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় উসকানি দিচ্ছে ভারত। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে রুশ তেল আমদানি কমানোর বিষয়ে রাজি হয়েছেন। যদিও নয়াদিল্লি ট্রাম্পের এই দাবির বিষয়ে কোনও তথ্য নিশ্চিত করেনি। 

বিশ্বের বৃহত্তম ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান আর্সেলরমিত্তালের চেয়ারম্যান ও দেশটির ইস্পাত শিল্পখাতের শীর্ষ ব্যবসায়ী লক্ষ্মী নিবাস মিত্তাল ও রাষ্ট্রীয় সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেডের (এইচপিসিএল) যৌথ উদ্যোগে গঠিত এইচপিসিএল-মিত্তাল এনার্জি লিমিটেড (এইচএমইএল) বলেছে, তারা রুশ অপরিশোধিত তেল ক্রয় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

এইচএমইএলের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাজ্যের ‘‘রুশ তেল আমদানির ওপর নতুন বিধিনিষেধ আরোপের পর” গত সপ্তাহে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবৃতিতে এইচএমইএল বলেছে, ‘‘এইচএমইএলের ব্যবসায়িক কার্যক্রম ভারতের সরকার ও জ্বালানি নিরাপত্তা নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’’ রুশ তেলের ভারতের বেসরকারি খাতের প্রধান ক্রেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত সপ্তাহে বলেছে, তারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও এই সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের আরোপিত বিধিনিষেধের প্রভাব পর্যালোচনা করছে। 


প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, “আমরা ইউরোপের পরিশোধিত তেল আমদানির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্দেশনা মেনে চলব। একই সঙ্গে ভারতের পক্ষ থেকেও যে কোনও ধরনের নির্দেশনা দেওয়া হলে, তা অনুসরণ করা হবে।” 

ইউরোপীয় ইউনিয়নের নতুন বিধিনিষেধে ২০২৬ সালের শেষ নাগাদ রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। রিলায়েন্স বলেছে, তাদের দীর্ঘ পরীক্ষিত ও বহুমুখী তেল সংগ্রহ কৌশল পরিশোধন কার্যক্রমের স্থিতিশীলতা নিশ্চিত করবে; যাতে দেশীয় ও রপ্তানি বাজার, এমনকি ইউরোপের চাহিদাও পূরণ করা যায়। 

উল্ল্যেখ, ভারত বিশ্বের অন্যতম বৃহৎ তেল আমদানিকারক দেশ। দেশটির মোট জ্বালানি চাহিদার ৮৫ শতাংশেরও বেশি আমদানি বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরশীল। 


সূত্র: এএফপি।

সময়ের আলো/এনএ 


  বিষয়:   রাশিয়া  তেল  ভারত  মার্কিন নিষেধাজ্ঞা  রাষ্ট্রীয় কোম্পানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: