পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মুনাফা কমেছে। চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যাংকটির মুনাফা কমেছে প্রায় ৬৩ শতাংশ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ব্যাংকের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করা হয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত মুনাফা (ইপিএস) হয়েছে ৬২ পয়সা। গত বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৬৬ পয়সা। সে হিসেবে বছরের ব্যবধানে ব্যাংকের সমন্বিত ইপিএস কমেছে ১ টাকা ৪ পয়সা বা ৬২ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছিল ৫৫ পয়সা।
চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নগদ পরিচালন প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১২ টাকা ৪৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ৩ টাকা ২ পয়সা ঋণাত্মক হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৪৮ পয়সা। আগের বছরের ৩০ সেপ্টেম্বর শেষে যা ছিল ৪৫ টাকা ৩৭ পয়সা।
সময়ের আলো/এনএ