‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি, নভেম্বরে গণভোট আয়োজনসহ বিভিন্ন দাবি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভা কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
এদিন সকাল থেকে নির্বাচন ভবনের সামনে ৮ দলের বিপুল নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের সামাল দিতে হিমশিম খেতে হয় ইসি কর্মকর্তাদের। স্মারকলিপি দেওয়ার কথা বলে এসে সিইসির সঙ্গে বৈঠক করার কথা জানায় তারা।
এরপর দলগুলো থেকে কয়েকজন প্রতিনিধিকে নির্বাচন ভবনে প্রবেশের অনুমতি দেয়া হয়। ৮টি দলের ২৫-৩০ জন সদস্য বৈঠকে বসে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ৫ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে।
সর্বশেষ ১৯ অক্টোবর জুলাই সনদ বাস্তবায়নে ‘আদেশ’ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে চলমান আন্দোলনের চতুর্থ পর্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের তিন দিনের কর্মসূচি ঘোষণা করে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল।
সময়ের আলো/এনএ