বছর শেষে এসে স্বর্ণের দাম আগের বছরের তুলনায় বড় অঙ্কে বেড়েছে। বছরজুড়ে দেশের বাজারে স্বর্ণ দামে ছিল ওঠানামার ধারা। কখনো ঊর্ধ্বমুখী, কখনো আবার সামান্য স্বস্তি।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত সময়ে ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। যা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর ছিল ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। অর্থাৎ এক বছরে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে ৮৫ হাজার ৮৯৪ টাকা, যা শতাংশের হিসাবে প্রায় ৬২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি।
চলতি বছরের শুরু থেকে বাজুসের হিসাবে দেখা যায়, ২০২৫ সালের জানুয়ারিতে ৩ দফা স্বর্ণের দাম বেড়েছে। ফেব্রুয়ারিতে ৭ দফা (৫ দফা বৃদ্ধি, ২ দফা হ্রাস)। এছাড়া মার্চে ৭ দফা (৫ দফা বৃদ্ধি, ২ দফা হ্রাস), এপ্রিলে ৯ দফা (৬ দফা বৃদ্ধি, ৩ দফা হ্রাস), মে ১০ দফা (৫ দফা বৃদ্ধি, ৫ দফা হ্রাস), জুনে ৪ দফা (২ দফা বৃদ্ধি, ২ দফা হ্রাস) ও জুলাইতে ৫ দফা (৩ দফা বৃদ্ধি, ২ দফা হ্রাস) সমন্বয় করা হয়েছিল দাম।
আর গত আগস্টে ২ দফা (২ দফাই বৃদ্ধি), সেপ্টেম্বরে ১২ দফা (১০ দফা বৃদ্ধি, ২ দফা হ্রাস), অক্টোবরে ১৩ দফা (৮ দফা বৃদ্ধি, ৫ দফা হ্রাস), নভেম্বরে ৯ দফা (৬ দফা বৃদ্ধি, ৩ দফা হ্রাস) ও ডিসেম্বরে ১২ দফা (৯ দফা বৃদ্ধি, ৩ দফা হ্রাস) করা হয়েছিল স্বর্ণের দাম।
গত ২৮ ডিসেম্বর সমন্বয় করে দেশের ইতিহাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয় স্বর্ণের। সেদিন মূল্যবান এই ধাতুটির দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।
এদিকে সবশেষ গত ৩১ ডিসেম্বর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। সেদিন সন্ধ্যায় দেয়া এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে স্বর্ণের দাম। নতুন এই দাম কার্যকর হবে বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে গত ২৯ ডিসেম্বরও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে ২ হাজার ৫০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা, যা কার্যকর হয় ৩০ ডিসেম্বর থেকে।
সব মিলিয়ে চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে মোট ৯৩ বার। এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছে এবং ২৯ বার কমেছে।
অন্যদিকে ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল মোট ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।
সময়ের আলো/এসকে/