‘শাপলা’ প্রতীক নিয়ে এনসিপি কোনো প্রকার সমঝোতা বা ছাড় দিবেনা বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
এর আগে এদিন বিকেলেই নির্বাচন কমিশন (ইসি) প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে প্রজ্ঞাপন জারি করে। এরপরই এনসিপির যুব শাখা জাতীয় যুবশক্তি আয়োজিত সেমিনারে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রতীক নিয়ে প্রতিক্রিয়া জানান।
ইসির প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তালিকায় দ্রুত ‘শাপলা’ যুক্ত করে এনসিপির অধিকার বুঝিয়ে দিন। আমাদের দীর্ঘদিন বিলম্ব করানো হয়েছে বিএনপি-জামায়াতকে সুবিধা দেয়া এবং জনগণের শক্তিকে দমিয়ে রাখার জন্য।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এ ধরনের খেলা বন্ধ করতে হবে। না হলে আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনের সামনে গিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করব।
সময়ের আলো/জেডআই