মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আছেন মানেই যেখানে সব সময় উৎসবমুখর পরিবেশ। যেখানেই তার উপস্থিতি, সেখানেই বাড়তি আনন্দ। নেচে নেচে সবাইকে মাতিয়ে রাখেন তিনি। সম্প্রতি এশিয়ায় দীর্ঘ সফর শেষে নিজ দেশে ফিরেছেন ট্রাম্প। এ সফরের ক্লান্তি ভুলতেই হয়তো হ্যালোইন উৎসবে মজেছেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হোয়াইট হাউসে হ্যালোইন উপলক্ষে শিশুদের চকলেটসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে শুধু সাধারণ দর্শক নয়, দেশটির সেনাবাহিনীর পরিবারের সদস্য, আইন প্রয়োগকারী সংস্থার পরিবার এবং প্রশাসনের কর্মকর্তারা তাদের সন্তানদের সঙ্গে উপস্থিত ছিলেন।
‘ট্রিক-অর-ট্রিট’ অনুষ্ঠানে শিশুদের জন্য নানা ধরনের পুতুল ও খেলনা বিতরণ করা হয়। পাশাপাশি, বড় কুমড়োর ফটো জোনের আয়োজন করে দেশটির কৃষি দফতর। এ ছাড়াও, ঐতিহ্যবাহী ও আধুনিক সঙ্গীত পরিবেশন করা হয় হ্যালোইনের এই বিশেষ দিনে।
উল্লেখ্য, প্রতি বছরের ৩১ অক্টোবর পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই পালিত হয় দিবসটি। তবে, জাঁকজমকের সঙ্গে পালন করা হয় পশ্চিমা বিশ্বে।
সময়ের আলো/এনএ