বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুগ্ধর ভাই স্নিগ্ধ

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী

2025-11-06T12:21:10+00:00
2025-11-06T12:33:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুগ্ধর ভাই স্নিগ্ধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:২১ পিএম  আপডেট: ০৬.১১.২০২৫ ১২:৩৩ পিএম
মঙ্গলবার (৪ নভেম্বর) বিএনপিতে যোগ দিয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সংগৃহীত ছবি
সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির সদস্যপদ নেন স্নিগ্ধ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে বিএনপির সঙ্গে যোগদানের কারণ জানিয়েছেন তিনি।

ফেসবুক পোস্টে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম, আমি মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। জুলাইয়ের পর থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে জোয়ার উঠেছে, বিশেষ করে তরুণদের মধ্যে, সেই তরুণদের একজন প্রতিনিধি হিসেবে আমিও সামাজিকভাবে নানা কার্যক্রমের প্রতিনিধিত্ব করেছি। পাশাপাশি তরুণদের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে রাজনৈতিক পরিবর্তনের যে প্রচেষ্টা চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নে রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করেছি।’

তিনি লেখেন, ‘আপনারা জানেন যে, আমি বা আমার ভাইদেরকেও-ই রাজনীতির সাথে জড়িত ছিলাম না। মুগ্ধ একজন সাধারণ নাগরিক হিসেবেই দেশের জন্য জীবন দিয়েছে। তাই আমি মনে করি মুগ্ধ সহ সকল শহিদ কোনো রাজনৈতিক দলের নয়, তারা সকল মানুষ এবং দেশের সম্পদ।’

রাজনীতি অংশগ্রহণ নিয়ে তিনি লেখেন, ‘বর্তমান প্রেক্ষাপটে এবং এই নতুন বাস্তবতায় সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা থেকে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনীতিতে অংশগ্রহণ করছি। এবং সম্পূর্ণ নিজ যোগ্যতায় এগিয়ে যেতে চাই। অরাজনৈতিক প্লাটফর্ম থেকে জুলাইকে নানাভাবে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি, এখন সময় এসেছে রাজনৈতিকভাবে জুলাইয়ের প্রতিনিধিত্ব করার। আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার পেছনে অন্যতম কয়েকটি কারণ হলো, সর্বোচ্চ জায়গা থেকে জুলাইকে প্রতিনিধিত্ব করা। জুলাই শহিদ, আহত যোদ্ধা, শহিদ পরিবার এবং সর্বোপরি জুলাইয়ের ভয়েস হয়ে ওঠা, রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব করা এবং বাংলাদেশপন্থি ও জুলাইপন্থি সব অংশীজনের মধ্যে ঐক্য গড়ে তোলা।’


বিএনপি নিয়ে স্নিগ্ধ লেখেন, ‘রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান কারার পেছনে আমার কয়েকটি কারণ রয়েছে। প্রথমত বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস রয়েছে। তাছাড়া বিএনপির রাজনৈতিক দর্শন এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখা ২০২৩ এর অনেক জায়গা আছে, যেগুলো নিয়ে সরাসরি কাজ করতে আমি আগ্রহী।

দ্বিতীয়ত আমি মনে করি সকল পরিসরে জুলাইয়ের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন। তাই আমি বিএনপির রাজনীতির সাথে যুক্ত হচ্ছি। এতে করে জুলাইয়ের ঐক্য শক্তিশালী এবং দীর্ঘায়িত হবে বলে আমি মনে করি। তাছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাচ্ছেন যে, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে তরুণদের প্রতিনিধিত্ব করি, যা আমারও অন্যতম রাজনৈতিক আকাঙ্ক্ষার একটি। এর মাধ্যমে জাতীয়তাবাদী দল এবং তরুণদের মধ্যে সেতু বন্ধন তৈরিতে ভূমিকা রাখতে পারব বলে আমি মনে করি।’


তিনি আরও লেখেন, ‘তবে সর্বোপরি আমি সব রাজনৈতিক দল এবং বাংলাদেশ ও জুলাইপন্থি সবার সঙ্গে কাজ করে যেতে চাই। রাজনৈতিক ঐক্যের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার আরেকটি অন্যতম লক্ষ্য। আমার এই পথচলাই সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভভ্যুত্থান-সহ জনমানুষের সব সংগ্রাম চির অম্লান হোক।’

বিগত দিনে পালন করা নিজের দায়িত্বের বিষয়ে লেখেন, ‘আরেকটি বিষয়, এতদিন যত দায়িত্ব আমি পালন করেছি, সব দায়িত্ব নিষ্ঠা এবং সততার সাথে পালন করেছি। যদি কোনো অভিযোগ থাকে দয়া করে অভিযোগে সীমাবদ্ধ না রেখে প্রমাণসহ উপস্থাপন করবেন এবং গঠনমূলক সমালোচনা করবেন। নতুন বাংলাদেশে সবাই মিলে এতটুকু সংস্কার তো আমরা আশাই করতে পারি।’

আরআর




  বিষয়:   মীর স্নিগ্ধ  মুগ্ধ  বিএনপি  রাজনীতি  ফেসবুক 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: