৫ দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত ৮ দল। জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি দাবিগুলোর মধ্যে অন্যতম।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান শেষে রাজধানীর মৎস্য ভবন মোড়ে প্রেস ব্রিফিংয়ে ৮ দলের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ সময় তিনি বলেন, ‘যমুনায় যাওয়ার পর প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক স্মারকলিপি গ্রহণের দায়িত্বে ছিলেন। তবে, আমাদের দাবি ছিল আমরা মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেব না। আমরা প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি দিতে চেয়েছি। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমরা ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ আদিলুর রহমানের সঙ্গে আলোচনা করেছি। স্মারকলিপি পড়ে শুনিয়েছি। শিল্প উপদেষ্টা আমাদের দাবির সঙ্গে দ্বিমত করেননি। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের ৫ দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।’
বিফ্রিংয়ে সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, ‘১১ তারিখ ঢাকায় লক্ষ লক্ষ জনতার উপস্থিতির আগে আমাদের ৫ দাবির প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত সিদ্ধান্ত নেবেন। নতুবা ঢাকার অবস্থা ভিন্ন হবে।’
এর আগে সমাবেশে দেওয়া বক্তব্যে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘সরকার আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করেছে। ১০ তারিখের মধ্যে আমাদের দাবি না মানা হলে ১১ তারিখে ঢাকা অচল করে দেয়া হবে। আগে গণভোট ছাড়া জাতীয় নিবার্চন হবে না। প্রয়োজনে এই নির্বাচন দুই মাস পরে হবে।’
এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/এনএ