বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের অনুরোধে অবশেষে অনশন ভেঙেছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান।
রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাচন ভবনের মূল ফটকে এসে তিনি এ অনশন ভাঙেন।
সালাহউদ্দিন আহমদে বলেন, আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেকও অনেক নির্যাতনের শিকার।
তিনি বলেন, সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলনে ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনের আবেদন করেছে। কিন্তু দীর্ঘ বিচার-বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলেছি। আশা করি তার দল ন্যায়বিচার পাবে। তারেককে অনুরোধ করে অনশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে ইসি সচিব আখতার আহমেদ অনশন ভেঙে নিবন্ধন আবেদন পুনর্বিবেচনার জন্য তারেক রহমানকে আপিল করার পরামর্শ দেন। তিনি বলেন, ইসি সচিব বরাবর আপিল করতে হবে। এরপর তা বিবেচনা করবে কমিশন।
গত ৪ নভেম্বর নির্বাচন কমিশন দু’টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিলে তারেকের আমজনতার দল নিবন্ধন দৌড়ে ছিটকে পড়ে। এরপর বিকেল ৪টার দিকে তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন।
সময়ের আলো/কেএইচও