জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে দূরত্ব বাড়ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের। সূত্রে জানা গেছে, দলীয় পদ নিশ্চিত করে সরকার থেকে পদত্যাগ করতে চান আসিফ মাহমুদ। অন্যদিকে এনসিপি আসিফকে প্রত্যাশিত পদ দিতে রাজি নয়।
এ নিয়েই দলটির সঙ্গে টানাপড়েনের শুরু আসিফের। এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন, জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তিতে থাকা আসিফের অনুসারীরা চাইছেন আসিফকে যেন দলের ‘মুখ্য সমন্বয়কারী’ পদ দেওয়া হয়।
এ পদে এখন দায়িত্ব পালন করছেন নাগরিক কমিটির সাবেক আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। যিনি এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধানসহ স্ট্র্যাটেজিক লিডার হিসেবে কাজ করছেন।
মুখ্য সমন্বয়কের পদ না পেয়ে আসিফ মাহমুদ সক্রিয় করেছেন বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের কমিটি। স্থগিত হওয়া এই কমিটিকে সক্রিয় করায় এনসিপি ও জাতীয় ছাত্রশক্তির মধ্যে অস্বস্তি রয়েছে। গুঞ্জন রয়েছে আসিফের ইশারায় গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক ও গণ-অভ্যুত্থানে ৯ দফার ঘোষক আব্দুল কাদেরের নেতৃত্বে নতুন সংগঠনের আত্মপ্রকাশেরও।
আসিফের অনুসারী আব্দুল কাদের বর্তমানে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির কোনো পদে নেই। সব মিলিয়ে দূরত্ব বাড়ছে অভ্যুত্থানের অন্যতম মুখ আসিফ ও এনসিপির মধ্যে।
সূত্রে আরও জানা যায়, এনসিপিকে এতদিন বিভিন্নভাবে সহায়তা দিলেও এখন আর সেটি করছেন না আসিফ। এনসিপি নেতাদের কেউ কেউ এ-ও বলছেন আসিফ অভ্যুত্থানের শক্তিগুলোর সঙ্গে ‘বিট্রে (বিশ্বাসঘাতকতা)’ করছেন।
আসিফ গতকাল ঢাকার-১০ আসনের ধানমণ্ডি এলাকায় ভোটার হওয়ার আবেদন করেছেন। গুঞ্জন রয়েছে তিনি এ আসনে নির্বাচন করতে চান। এই আসনে বিএনপি’র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়ন দেয়নি। এতদিন আলোচনা ছিল কুমিল্লা-৩ আসনে নির্বাচন করতে চান আসিফ।
এই আসনে বিএনপি’র প্রার্থী করা হয়েছে জনপ্রিয় নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। গুঞ্জন রয়েছে আসিফ বিএনপি’র হয়েও নির্বাচন করতে পারেন। কুমিল্লা-৩ আসনে বিএনপি’র সিনিয়র নেতা ও জনপ্রিয় প্রার্থী থাকায় আসিফ ঢাকা-১০ এ নির্বাচন করতে চাইছেন।
৫ই আগস্টের অভ্যুত্থানের পর ছাত্রদের প্রতিনিধি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন।
এরপর সরকার থেকে পদত্যাগ করে নাহিদ ইসলামের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি- এনসিপি। দল গঠন থেকে শুরু করে পরবর্তী প্রক্রিয়ায় পেছন থেকে কাজ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও।
সময়ের আলো/এআর