আসন্ন ২০২৬ সালের পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা। সেই সঙ্গে ঈদুল ফিতরের তারিখও জানিয়েছে তারা।
গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামের প্রায় বিধানই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। রমজান মাস শুরুর সময়টাও চাঁদের ওপর নির্ভরশীল। রোজা শুরুর এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে প্রাথমিক হিসাব অনুযায়ী।
দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি-টু-গ্রেগরিয়ান তারিখ রূপান্তর ক্যালেন্ডার অনুযায়ী, ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে ২০২৬ সালের রমজান মাস শুরু হতে পারে। প্রথম রোজা হতে পারে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। ১৮ মার্চ (বুধবার) রমজান মাস শেষ হবে। ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
ইসলাম বিষয়ক গবেষকরা বলছেন, হিজরি মাস কখনো ২৯ আবার কখনো ৩০ দিনের হয়। তাই রমজান ও ঈদের প্রকৃত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে।
সূত্র : গালফ নিউজ
আরআর