সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় দর্শনার্থীদের জন্য নতুন এক সুবিধা চালু করা হয়েছে, যার মাধ্যমে এখন থেকে মাত্র ৩৫ রিয়াল খরচে গাড়ি করে সহজে পৌঁছানো যাবে ঐতিহাসিক উহুদ পাহাড়ের চূড়ায়। এর আগে উহুদ পাহাড়ে উঠতে হলে দুই ঘণ্টার বেশি সময় হাঁটতে হতো, তবে নতুন এই গাড়িচালিত সেবার মাধ্যমে কয়েক মিনিটেই পৌঁছানো সম্ভব হচ্ছে।
মদিনার উত্তর অংশে মসজিদে নববীর কাছে অবস্থিত উহুদ পাহাড় ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান। এখানেই সংঘটিত হয়েছিল বিখ্যাত উহুদের যুদ্ধ, যা ইসলামের প্রাথমিক যুগের একটি স্মরণীয় ঘটনা।
এই নতুন সেবা চালুর ফলে বয়স্ক, চলাচলে অক্ষম বা শারীরিকভাবে অসুস্থ মানুষের জন্য উহুদ পাহাড়ে পৌঁছানো এখন অনেক সহজ হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, গাড়ি নিয়ে উহুদ পাহাড়ের চূড়ায় ওঠার জন্য প্রতি গাড়িতে ৩৫ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে। তবে যারা ঐতিহ্য রক্ষা করতে চাইছেন এবং হাঁটা পথে উহুদ পাহাড়ের চূড়ায় পৌঁছাতে চান, তাদের জন্য আগের মতো হাঁটার পথও উন্মুক্ত থাকবে।
আরও পড়ুন
এছাড়া, উহুদ পাহাড়ের ধর্মীয় গুরুত্ব এবং পবিত্রতা বজায় রেখে এই নতুন সেবাটি চালু করা হয়েছে। এর মাধ্যমে মদিনায় আগত হজ ও ওমরাহ-যাত্রীদের জন্য ঐতিহাসিক স্থানটি পরিদর্শন আরও সহজ এবং সুবিধাজনক হবে।
এএডি/