প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণে গণভোটের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি।’
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে সেদিন যদি কোনও গণ্ডগোলে ব্যালটের ভোট বন্ধ হয়, তাহলে গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের কী হবে। গণভোট ও জাতীয় নির্বাচনের ব্যালট কী হবে—এটার ব্যাখ্যাও স্পষ্ট হয়নি ভাষণে।’
এদিকে, দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, তার দল জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের সিদ্ধান্তে অনড় রয়েছে। জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর গুরুত্ব অনেকটা চাপা পড়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ক্লারিফিকেশন দরকার। আমরা নিজেরা বসে পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
সময়ের আলো/এনএ