চব্বিশের ছাত্র আন্দোলনের পর বাংলাদেশে নতুন করে অনেকগুলো রাজনৈতিক দলের জন্ম হয়েছে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে যে কয়টি দল কিংবা দলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনায় আছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি তাদের একজন। ইতিমধ্যে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি। সে অনুযায়ী চলছে প্রস্তুতি। এবার নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েলেন তিনি। রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন আরও মারতে পারেন, সমস্যা নেই, মারেন। তিনবার মারছে ময়লা পানি। ময়লা পানি মেরে যদি আপনাদের শান্তি হয়, তাহলে মারেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাদি বলেন, ‘আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনী প্রচারণা কভার করতে এসেছিলেন, তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়েই মারা। তিন তিনবার মারা হয়েছে, তার মানে এটা ইচ্ছাকৃত। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরীফ ওসমান হাদি।
সময়ের আলো/এনএ