সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, বর্তমানে যে অগ্নিসন্ত্রাস, ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, তার জনক একজনই।
রোববার (১৬ নভেম্বর) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেন তিনি।
সোহেল তাজ তার পোস্টে লিখেছেন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ‘আমার ফাঁসি চাই’ আর ‘অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী’ এই বই দুইটি পড়লেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে। তিনি ইউটিউবে এ বইগুলোর অডিও বইও আছে উল্লেখ করে বলেন, ক্ষমতার কি লোভ- ১ লাখ বেলুন নাকি বাসে আগুন।
তিনি আরও লেখেন, গণহত্যা, গুম-খুন করে, জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে, দুর্নীতি/লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে, নির্বাচন বানচাল করে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষে।
এতো কিছুর পরেও আওয়ামী লীগের একটা অংশ কীভাবে তাদের সমর্থন করে উল্লেখ করে তিনি বলেন, এর মানে একটাই - এরাই ছিল সুবিধাভোগী। আর এখন এর পরিণতি হিসাবে খেসারত দিবে নিরীহ, নিরপরাধ নেতাকর্মীরা।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একইবছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। পরবর্তী সময়ে তিনি আর রাজনীতিতে জড়াননি।
/ইউএমএইচ