হঠাৎ চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা জোরদার করতে তৎপর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা, চিকেন নেকের কাছাকছি চীনের উপস্থিতির সম্ভাবনা এবং দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের পর এ পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়ির সেন্ট্রাল আইবি কার্যালয়ে এক উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোরটির নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতেই এই বিশেষ বৈঠক ডাকা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন— ভারতের চার সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের কর্মকর্তারা। ছিলেন ভারতীয় সেনাবাহিনী, বায়ু সেনা এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
এছাড়া আর্মি ইন্টেলিজেন্স, কেন্দ্রীয় রেল পুলিশ আরপিএফ এবং রাজ্য রেল পুলিশ জিআরপিও, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ, বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও, কেন্দ্রীয় সড়ক দপ্তর, এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষ ও রাজ্য পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর পাওয়া গেছে।
অত্যন্ত সংবেদনশীল এই বৈঠকের বিষয়ে কোনো রকম প্রেস বিবৃতি জারি করা না হয়নি। তবে সূত্রেরর বরাতে সংবাদমাধ্যম শিলিগুড়ি টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, বৈঠকে চিকেন নেক করিডোরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে বৈঠকে।
উত্তর-পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা এই করিডোরে কোনো নিরাপত্তা ঝুঁকি যাতে তৈরি হতে না পারে সেদিকেই এখন কড়া নজর নিরাপত্তা সংস্থাগুলোর।
এসকে/