যুদ্ধবিরতির মধ্যেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসব হামলায় শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮৭ জন।
সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গাজার কর্তৃপক্ষ এই হামলাকে ছয় সপ্তাহ ধরে চলমান যুদ্ধবিরতির আরেকটি সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে।
প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী শনিবার প্রথমে হামলা করে উত্তর গাজা শহরের একটি গাড়িতে। পরে হামলা চালানো হয় মধ্য গাজার দেইর আর-বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরে।
আল-শিফা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রামি মোহান্না বলেন, গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।
এছাড়া দেইর আল-বালাহতে একটি বাড়িতে ইসরায়েলি হামলায় অন্তত তিনজন নিহত হন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন।
গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক।
বিবৃতিতে বলা হয়, হামলার বেশিরভাগই চালানো হয়েছে কোনো সতর্কতা ছাড়া। তথাকথিত ‘ইয়েলো লাইন’ অতিক্রমের অভিযোগেও ফিলিস্তিনিদের ওপর গুলি ছুড়ছে নেতানিয়াহুর সেনারা।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নাহাল ব্রিগেড দাবি করেছে, হামাসের যোদ্ধারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে আসছিল। এ কারণে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
আরআর