বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দলটি সম্পূর্ণ প্রস্তুত। তিনি জানান, নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর যেকোনো অতিরিক্ত প্রস্তুতি নেওয়া হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘নির্বাচন প্রস্তুতির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। তফসিল ঘোষণার পরও আমাদের আরও যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন হতে পারে, তা দ্রুতই সম্পন্ন করা হবে। বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘দেশের জনগণের দাবি অনুযায়ী, জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হওয়া উচিত এবং তা হবে বলেও আমি বিশ্বাস করি।’
আরও পড়ুন
এছাড়া ধর্মীয় বিষয়ে রাজনীতি নিয়ে কথা বলতে গিয়ে রিজভী মন্তব্য করেন, ‘ধর্মকে রাজনীতিতে অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়। যারা ধর্মের অপব্যখ্যা দিয়ে রাজনীতি করছেন, তাদের রায় জনগণ দিবে। রাজনীতিতে ধর্মের অতিরিক্ত ব্যবহার দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে।’
এদিকে এনসিপি প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকে যারা আমাদের বিরোধিতা করছে, তারা ভবিষ্যতে বিএনপির অংশ হতে পারে। রাজনীতিতে পরিস্থিতি সব সময় পরিবর্তিত হয়, তাই বর্তমান বিরোধীরা কাল হয়তো আমাদের সঙ্গে থাকতে পারে।’
বিএনপির নির্বাচনী প্রস্তুতির বিষয়ে রিজভী আরো বলেন, ‘নির্বাচনের জন্য আমাদের দলের সব পর্যায়ে প্রস্তুতি চলছে এবং সকল নেতাকর্মী নির্বাচনের মাঠে প্রস্তুত রয়েছে। আমরা বিশ্বাস করি, জনগণ আমাদের পাশে থাকবে এবং সুষ্ঠু নির্বাচন হবে।’
এএডি/