বিয়ে করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। দায়িত্বে থাকা প্রথম কোনও প্রধানমন্ত্রী হিসেবে বিয়ে করে দেশটির ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন তিনি। শনিবার (২৯ নভেম্বর) বিকালে রাজধানী ক্যানবেরায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘দ্য লজ’-এ সঙ্গী জোডি হেইডনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অ্যান্থনি আলবানিজ। আলবানিজের ছেলে নাথান এবং হেইডনের বাবা-মাসহ ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয়স্বজন ও বন্ধুর উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়।
এক যৌথ বিবৃতিতে আলবানিজ ও হেইডন বলেন, ‘পরিবার ও সবচেয়ে কাছের বন্ধুদের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর অঙ্গীকার করতে এবং ভালোবাসা ভাগ করে নিতে পেরে আমরা ভীষণ আনন্দিত।’
বিয়েতে নিজেদের লেখা শপথপত্র পাঠ করে আলবানিজ-হেইডন দম্পতি। হেইডনকে বিয়ের কক্ষে নিয়ে আসেন তার বাবা-মা। এ সময় বাজতে থাকে মার্কিন গায়ক বেন ফোল্ডসের গান ‘দ্য লাকিয়েস্ট’।
হেইডন পরেছিলেন সিডনি ডিজাইনার রোমান্স ওয়াজ বর্নের তৈরি ড্রেস। আর আলবানিজ পরেছিলেন এমজে বেলের তৈরি স্যুট। বিয়ের আংটি নেওয়া হয়েছিল সিডনির লেইচার্ডের সের্রোন জুয়েলার্স থেকে। হেইডনের পাঁচ বছরের ভাগনি এল্লা ‘ফ্লাওয়ার গার্ল’-এর দায়িত্ব পালন করে এবং আংটি বহনের দায়িত্ব পালন করে আলবানিজের কুকুর টোটো। অনুষ্ঠানে সাক্ষী ছিলেন হেইডনের ভাই প্যাট্রিক এবং আলবানিজের বোন (কাজিন) হেলেন গোল্ডেন।
অনুষ্ঠানের পর দম্পতি বিয়ের কক্ষ থেকে বের হয় মার্কিন গায়ক স্টিভি ওয়ান্ডারের গান ‘সাইনড, সিলড, ডেলিভারড (আই এম ইয়োরস)’-এর তালে তালে। তাদের প্রথম নৃত্য ছিল ফ্র্যাঙ্ক সিনাত্রার গান ‘দ্য ওয়ে ইউ লুক টুনাইট’-এর সুরে। এই দম্পতি আগামী সপ্তাহে হানিমুনে যাবে বলে দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়।
২০২৫ সালে অস্ট্রেলিয়ান পার্লামেন্টের শেষ অধিবেশনের পর এবং আলবানিজের বিপুলসংখ্যক ভোটে পুনঃনির্বাচনের ছয় মাস পর এই বিয়ের আয়োজন হলো। এ বিয়ে নিয়ে তেমন কোনও তথ্য লেবার পার্টিপ্রধানের অফিস থেকে প্রকাশ করা হয়নি। জানা গেছে, বিয়ের খরচ এই দম্পতি ব্যক্তিগতভাবে বহন করেছে।
পাঁচ বছর আগে মেলবোর্নে এক অনুষ্ঠানে প্রথম দেখা হয়েছিল হেইডন ও আলবানিজের। সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা আলবানিজ বক্তৃতা দিয়েছিলেন। সেখানে আলবানিজের সঙ্গে পরিচয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংযুক্ত হন হেইডন। এক সাক্ষাৎকারে হেইডন বলেন, তার একটি পাবলিক প্রোফাইল ছিল। তাই আমি জানতাম আমরা দুজনই একই ফুটবল দলের অনুসারী, আমরা দুজনেই ইনার ওয়েস্টকে ভালোবাসি। মনে পড়ে আমি সেই ডাইরেক্ট মেসেজে বলেছিলাম, ‘হেই, আমরা দুজনেই সিঙ্গেল!’
গত বছর ভালোবাসা দিবস ‘দ্য লজ’-এর বারান্দায় দাঁড়িয়ে হেইডনকে প্রস্তাব দিয়েছিলেন আলবানিজ। এনগেজমেন্ট রিংও তৈরি করে এনেছিলেন প্রধানমন্ত্রী। আলবানিজের সহানুভূতি এবং সদয়তার স্বভাবের প্রশংসা করেন হেইডন। তিনি বলেন, ‘তিনি আমার স্বাধীনতাকে সম্মান করেন। তিনি দয়ালু ও চিন্তাশীল। সিডনির ব্যাংকস্টাউনের শিক্ষক দম্পতির সন্তান হেইডন বড় হয়েছেন সেন্ট্রাল কোস্টে। বর্তমানে নিউ সাউথ ওয়েলস পাবলিক সার্ভিস অ্যাসোসিয়েশনে কাজ করছেন। এর আগে সুপারঅ্যানুয়েশন খাতে বিভিন্ন পদে ছিলেন।’
প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে প্রথানুযায়ী হেইডন কিছু দায়িত্ব গ্রহণ করেছেন, তার মধ্যে রয়েছে ক্যানবেরার ন্যাশনাল পোর্ট্রেট গ্যালারির প্রধান প্যাট্রনের দায়িত্ব। প্রায় দুই দশকের বিবাহিত জীবন কাটানোর পর ২০১৯ সালে নিউ সাউথ ওয়েলসের সাবেক ডেপুটি প্রিমিয়ার কারমেল টেবাটের সঙ্গে বিয়েবিচ্ছেদ হয় আলবানিজের।’
সময়ের আলো/এনএ