পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর গুজব উড়িয়ে দিয়েছে।
শনিবার (২৯ নভেম্বের) পিটিআই দলীয় সিনেটর খুররম জিশান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী জীবিত আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক আছেন। পাকিস্তান ছাড়তে বাধ্য করার কৌশল হিসেবে ইমরান খানকে কারাগারের নির্জন কক্ষে রাখা হয়েছে।
ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে এক সাক্ষাৎকার দিয়েছেন খুররম জিশান। তিনি বলেন, ইমরান খানের জনপ্রিয়তা নিয়েই সরকারের ভয় ও আশঙ্কা। আর এ কারণকেই পুঁজি করেছে সরকার। তার কোনো ছবি ও ভিডিও প্রকাশ করা হচ্ছে না।
এ সপ্তাহের শুরুর দিকে আফগানিস্তানের কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম পেইজ থেকে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কারাগারের ভেতরে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। আদালতের আদেশ থাকা সত্ত্বেও গত এক মাসে ইমরান খানের সঙ্গে তার তিন বোনকে স্বাক্ষাৎ করতে না দেওয়ায় দেশটির রাজনীতিতে তুমুল উত্তেজনা শুরু হয়। এরমধ্যেই আফগানিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানকে কারাগারে হত্যার গুজব ওঠে।
খুররম জিশান এএনআইকে জানিয়েছেন, এটি অত্যন্ত দুঃখজনক। প্রায় এক মাস ধরে তাকে একা রাখা হয়েছে এবং তার পরিবার, আইনজীবী, এমনকি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের জ্যেষ্ঠ নেতাদেরও তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, যা সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন।
জিশান বলেন, গত কয়েক দিনে আমাদের নিশ্চিত করা হয়েছে যে, তিনি জীবিত এবং বর্তমানে আদিয়ালা কারাগারে আটক আছেন। সাবেক প্রধানমন্ত্রী ভালো আছেন বলে গুজবের ইতি টানেন তিনি।
পাকিস্তান সরকার ইমরান খানের সঙ্গে সমঝোতা করতে চাইছে কিনা এমন প্রশ্নের জবাবে পিটিআই দলীয় এই সিনেটর বলেন, তাকে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে।
তারা ইমরান খানের সঙ্গে একটি সমঝোতা করতে চাইছে, তাকে দেশ ছাড়তে বলছে বলে তিনি উল্লেখ করেন। বিদেশে গিয়ে তিনি তার পছন্দের কোনো জায়গায় নীরব থাকলে, তাকে ছাড়ও দেবে।। কিন্তু ইমরান খান কখনোই তাতে রাজি হবেন না। তিনি যে ধরনের নেতা, তিনি কখনোই এটি মেনে নেবেন না।
কারাগারে বন্দি থাকলেও পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রভাব বাড়ছে বলে মন্তব্য করেন জিশান।
তিনি বলেন, পাকিস্তানের তরুণদের মধ্যে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শক্ত অবস্থান রয়েছে এবং তার ভাবধারা প্রজন্মের পর প্রজন্মে সাড়া ফেলবে।
তিনি বলেন, পিটিআইয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। এমন পরিস্থিতি মানুষের সেরাটাই বের করে আনে। যারা সত্যিই এসব মূল্যবোধে বিশ্বাস করেন, তারা সামনে আসছেন।
ইমরান খানের কারাবাসের পর থেকে তার কোনও ছবি প্রকাশ না হওয়ার কারণ জানতে চাইলে জিশান বলেন, পাকিস্তানের বর্তমান ক্ষমতাসীনরা ভয় পাচ্ছে, একটি সামান্য ছবিও জনসমর্থন গণজাগরণ সৃষ্টি করতে পারে।
/ইউএমএইচ